নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নাটোরের নলডাঙ্গায় হালতিবিলসহ বিভিন্ন খাল-বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি, বাদাই ও কারেন্ট জাল ব্যবহার করে পোনা মাছ শিকারের অভিযোগ উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলেও এসব জালের ব্যবহার পুরোপুরি বন্ধ হয়নি। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সরেজমিন দেখা যায়, সন্ধ্যার পর হালতিবিলসহ উপজেলার বিভিন্ন বিলে নৌকা নিয়ে জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন। এসব জালে পুঁটি, টেংরা, শোল, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা আটকা পড়ছে। পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণীও এসব জালে ধরা পড়ে মারা যাচ্ছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের ভাষ্য, ভোর হওয়ার আগেই হালতিবিলের মাধনগর, পাটুল, নলডাঙ্গা ও বীরকুটসাসহ বিভিন্ন বাজারে এসব জালে ধরা ছোট মাছ ও পোনা বিক্রির জন্য নিয়ে আসা হয়। নামমাত্র দামে এসব মাছ বিক্রি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা, বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া বলেন, হালতিবিলসহ উপজেলার বিভিন্ন বিলে নিষিদ্ধ জাল দিয়ে নিয়মিত পোনা মাছ শিকার করা হচ্ছে। এতে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে আরো কার্যকর অভিযান চালানোর দাবি জানান তারা।
তবে প্রশাসন বলছে, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁন ও নাটোর জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী জানান, মৎস্য আইন বাস্তবায়নে অবৈধ জাল উচ্ছেদসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। সম্প্রতি অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।



