সিদ্ধিরগঞ্জে নারী গার্মেন্টকর্মীর রহস্যজনক মৃত্যু

Printed Edition

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (২৩) নামে এক গার্মেন্টকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাথে স্বামী পরিচয়ে বসবাসকারী এক ব্যক্তি এবং ৬ বছর বয়সী শিশুকন্যা নিখোঁজ থাকায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকার শাহজাহান মাস্টারের টিনশেড বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাদিয়া আক্তার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের মো: ইউসুফ মোল্লার মেয়ে। তিনি আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গত ১ জুলাই সাদিয়া তার ৬ বছর বয়সী মেয়ে এবং স্বামী পরিচয়দানকারী এক ব্যক্তিকে নিয়ে ওই বাসায় ভাড়া ওঠেন। বাড়ির মালিকের কাছে তিনি নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেও সাথে থাকা ব্যক্তি পরে পরিচয়পত্র দেবেন বলে জানান।

সোমবার রাতে বাড়ির মালিক সাদিয়ার কক্ষের খাটের ওপর তার লাশ পড়ে থাকতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ উদ্ধার করে।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের মুখের বাম পাশে রক্ত জমাট বাঁধা অবস্থায় দেখা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ নির্ণয়ে লাশ নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, ‘এটি একটি রহস্যজনক মৃত্যু। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হবে।