রোগীবাহী অ্যাম্বুলেন্স খাদে
ঝালকাঠিতে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেছে। গতকাল সোমবার সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর থেকে রোগী ফজলুল হককে নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। রায়পুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহত রোগী ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। রোগীর ভাতিজা মতিন রহমান বলেন, তার চাচা নিয়মিত চিকিৎসার জন্য ঢাকায় যান। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অন্য একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছে। আহত ফজলুল হক ঝালকাঠি সদর উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঝালকাঠি প্রতিনিধি।
লাল শাপলা বিলে পর্যটকের মৃত্যু
বরিশালের উজিরপুর উপজেলার সাতলার লাল শাপলা বিলে নৌকাডুবিতে রাকিবুল (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে মুরিবাড়ি পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদ্রা গ্রামের হালিম হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১২ বন্ধু মিলে লাল শাপলা বিল ভ্রমণ করতে একটি ছোট নৌকা ভাড়া করেন। একপর্যায়ে অতিরিক্ত ভারসাম্যহীনতায় নৌকাটি কাত হয়ে গেলে রাকিবুল পানিতে পড়ে নিখোঁজ হন। স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী রাছেল মিয়া বলেন, রাকিবুল পানিতে পড়ে গেলে স্থানীয় নারীরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে উদ্ধারকাজে অংশ নেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা লাশ নিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী সুজা বলেন, বিষয়টি জানা গেছে। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উজিরপুর (বরিশাল) সংবাদদাতা।
কুষ্টিয়ায় ছেলের হাতে বাবার মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চড়ুইকুড়ি গ্রামে টাকার বিরোধকে কেন্দ্র করে ছেলের আঘাতে বানেজ চৌকিদার (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে রবিউল (২৮) পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে বানেজ চৌকিদার একটি মহিষ বিক্রি করেন। সেই টাকার ভাগ চাওয়াকে কেন্দ্র করে গত রোববার রাতে বাবা-ছেলের মধ্যে বাগি¦তণ্ডা হয়। একপর্যায়ে রবিউল হাতে থাকা টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করে পালিয়ে যায়। আহত বানেজ চৌকিদারকে স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মহিষকুণ্ডি এলাকায় তার মৃত্যু হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা।
ফেনী সীমান্তে ভারতীয় পণ্য জব্দ
ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬৮ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, চকোলেট ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বিজিবি। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন। ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ফেনী অফিস।
দুই মাদক কারবারির কারাদণ্ড
জামালপুরের দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো: জহুরুল হোসেন আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, চর কালিকাপুর গ্রামের আলমগীর হোসেন (২৫) এবং বাজারীপাড়া গ্রামের সোহেল মিয়া (২৩)। প্রশাসন জানায়, আলমগীরকে দেওয়ানগঞ্জ বাজারের সাকোয়াত মোড় এবং সোহেলকে বাজারীপাড়া এলাকা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার সংশ্লিষ্ট উপধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা।
নলডাঙ্গায় খান বেকারিকে জরিমানা
নাটোরের নলডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য উৎপাদনে অনিয়মের দায়ে খান বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, বেকারিতে উৎপাদিত বিস্কুট ও কেকের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং খুচরা মূল্য উল্লেখ করা হয়নি। পাশাপাশি অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল। এ ঘটনায় বেকারির মালিক আবু বক্করের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় মামলা করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ভবিষ্যতে আইন লঙ্ঘন করলে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা।
জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভা
নওগাঁর পোরশায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্থযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সভায় সহকারী কমিশনার (ভূমি) মোসা. নাবিলা ফেরদৌস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আতিকুর রহমান, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিবসটি যথাযথ মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। পোরশা (নওগাঁ) সংবাদদাতা।
মাদক মামলায় একজনের যাবজ্জীবন
টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় হোসেন আলী (৩৫) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হিরু মিয়া ওরফে হায়দা (৫৫) নামে অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো: হাফিজুর রহমান এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: শফিকুল ইসলাম রিপন জানান, ২০২৫ সালের ২২ জানুয়ারি সখিপুর উপজেলার বড়চওনা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ হোসেন আলীর কাছ থেকে ৯০ গ্রাম এবং হিরু মিয়ার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই নুরুজ্জামান বাদি হয়ে সখিপুর থানায় মামলা করেন। বিচার শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় হিরু মিয়া আদালতে উপস্থিত থাকলেও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হোসেন আলী পলাতক ছিলেন। টাঙ্গাইল প্রতিনিধি।



