ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ড ও ওয়েলসে চলছে নারী টি-২০ বিশ্বকাপ। চলমান আসরে শেষ ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই সুখবর পেল টাইগ্রেসরা। গ্রুপ পর্বে সেরা চারে থেকে আগামী নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। ২০২৮ সালে নারী টি-২০ বিশ্বকাপের আয়োজক পাকিস্তান।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী ২০২৬ আসরের দুই গ্রুপের শীর্ষ চারটি করে মোট আটটি দল সরাসরি খেলার যোগ্যতা পাবে পরবর্তী বিশ্বকাপে। সে হিসেবে গ্রুপ ‘এ’ থেকে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো সেই সুযোগ পেয়েছে বাংলাদেশও। পাশাপাশি গ্রুপ ‘বি’ থেকে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে।
গ্রুপ পর্বের শেষ দিনে স্কটল্যান্ডকে নাটকীয় ম্যাচে হারিয়ে শেষ দল হিসেবে এই তালিকায় জায়গা করে নেয় শ্রীলঙ্কা। শেষ ওভারে স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে চামারি আতাপাত্তুর দল। ২০২৮ বিশ্বকাপে স্বাগতিক হওয়ায় আগে থেকেই সরাসরি খেলা নিশ্চিত পাকিস্তানের।
আইসিসি ২০২৬ সালের ৬ জুলাই নারী টি-২০ দলের র্যাংকিং প্রকাশ করবে। সেই তারিখে সর্বোচ্চ অবস্থানে থাকা দলটি দশম ও শেষ দল হিসেবে টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। বর্তমান র্যাংকিং অনুযায়ী সেই অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড। ফলে দশম দল হিসেবে আইরিশদের অবস্থান অনেকটা পাকা।
এ দিকে ২০২৭ সালে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোর কাঠামোও চূড়ান্ত করেছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার সাথে ৬ জুলাইয়ের টি-২০ র্যাংকিং অনুযায়ী শীর্ষ পাঁচ দল এই টুর্নামেন্টে অংশ নেবে। বর্তমানে সেরা পাঁচে আছে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।



