সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালীতে জাল নোটের কারখানা আবিষ্কার করেছে র্যাব। এ সময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ প্রয়োজনীয় সামগ্রী নগদ তিন লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৬, সিপিসি-৩, যশোরের সদস্যরা পাটকেলঘাটার গনেশপুর গ্রামে অভিযান চালিয়ে এ জাল নোটসহ টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যাব সদস্যরা।
বিকেল সোয়া ৪টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার মনিহার সিনেমা হলের পাশের চায়ের দোকান থেকে মো: ইব্রাহিম গাজী (১৯) নামের এক যুবককে ৯০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত যুবক ইব্রাহিম গাজী সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব-৬, সিপিসি-৩, যশোরের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন মনিহার সিনেমা হলের পাশে চায়ের দোকানে কতিপয় ব্যক্তি বাংলাদেশী নকল পত্রমুদ্রা (ব্যাংক নোট/জাল টাকা) বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিকেল সোয়া ৪টার দিকে উল্লেখিত দোকানে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকার জাল নোটসহ ইব্রাহিম গাজীকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বসতবাড়িতে জাল নোট তৈরির সরঞ্জামাদিসহ আরো জাল নোট আছে। পরে ইব্রাহিমকে সাথে নিয়ে রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটার গনেশপুর গ্রামে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জামাদি কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টার, প্রয়োজনীয় সামগ্রীসহ আরো তিন লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ইব্রাহিমের কাছ থেকে চার লাখ ২৯ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত ইব্রাহিম গাজীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামতসমূহ ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। র্যাব-৬, সিপিসি-৩, যশোরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।



