নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০, ময়মনসিংহে দুই এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুরে একজন করে মারা গেছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৪৩৪ শিশু।
গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, হাম ও এর উপসর্গ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত সারা দেশে মোট ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৬ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৪৪২ শিশু।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) আট হাজার ৬২২ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৩ হাজার ৮১৩ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২২৪ শিশুর, আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ১৭৬ শিশু।
এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৪ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।
সিলেটে ১ শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাসের এ শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হামে ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে।
গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় একজন রোগী ল্যাব টেস্টে শনাক্ত হওয়ার পাশাপাশি একই সময়ে উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ২৯৯ জন শিশু।
নোয়াখালীতে শিশুর মৃত্যু
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালী জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মো: সামির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৫টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সে সুবর্ণচর উপজেলার চরকাটাখালি গ্রামের মফিজুল হকের ছেলে। বিকেলে হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তার মৃত্যু হয়। নোয়াখালীতে চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: রাজীব আহম্মেদ চৌধুরী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৪ জন শিশু ভর্তি রয়েছে।



