ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির লিথুয়ানিয়াকে বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি একই সাথে বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করতে ঢাকায় লিথুয়ানিয়ার একটি ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ জানান।

গতকাল তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েন পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা, দক্ষ মানবসম্পদ বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বিদ্যমান ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতার প্রশংসা করেন। লিথুনিয়ান রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে শিক্ষাখাতে সহযোগিতা আরো সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

সার্ককে পুনরুজ্জীবিত করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে টেকসই রাজনৈতিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক উদ্যোগ ও বৃহত্তর অংশীজনদের অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন।

গতকাল সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে এলে প্রতিমন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন।

মহাসচিব বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবেলায় উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সার্কের বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

চলতি বছরের শেষ নাগাদ সার্ক উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত গোলাম সারওয়ার।