উত্তরায় গোপন বৈঠকে গাজীপুরে নাশকতার পরিকল্পনা

সাড়ে ১০ লাখ টাকাসহ আটক ৫

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

ঢাকার উত্তরা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি গোপন বৈঠকে অভিযান চালিয়ে পাঁচ নেতাকর্মীকে আটক করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ লাখ ৫৪ হাজার ৪০৫ টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব টাকা গাজীপুরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জিএমপির দাবি, আটক ব্যক্তিরা উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের শাহ মাখদুম রোডের একটি রেস্টুরেন্টে বসে গোপন বৈঠক করছিলেন। ওই বৈঠকে গাজীপুর মহানগর এলাকায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানায়, এক আসামির দেয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি আভিযানিক দল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের শাহ মাখদুম রোডে ক্যাফে দরবার রেস্টুরেন্টের নিচে অবস্থিত ‘ক্রাশ স্টেশন’ রেস্টুরেন্টে অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন।

অভিযানে আটকরা হলেন- গাজীপুর মহানগরের কাশিমপুর থানার বড় ভবানীপুর এলাকার কামরুজ্জামান খান (৫১), তবিবুর রহমান তুহিন (৩৮), হুমায়ুন কবির খান (৪৮), উত্তর পানিশাইল এলাকার আশরাফুল আলম ওরফে আশরাফ মৃধা (৫৭) এবং টঙ্গী পূর্ব থানার চেরাগআলী এলাকার সাদমান সাকিব খান (২৬)।