বিবিসি
মার্কিন নৌবাহিনীর বহরকে আধুনিক করতে এবং সক্ষমতা বাড়াতে নতুন যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের নাম অনুসারেই এই নতুন যুদ্ধজাহাজ শ্রেণীর নাম হবে ‘ট্রাম্প-ক্লাস’। ফ্লোরিডার বিলাসবহুল মার-আ-লাগো এস্টেটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
ট্রাম্পের মালিকানাধীন মার-আ-লাগোতে আয়োজিত ওই অনুষ্ঠানে একটি কাল্পনিক পোস্টার প্রদর্শন করা হয়। সেখানে ‘ইউএসএস ডিফায়ান্ট’ নামের একটি আধুনিক যুদ্ধজাহাজকে সমুদ্রের বুক চিরে এগিয়ে যেতে দেখা যায়। পোস্টারে আরো দেখা যায়, জাহাজের ডেক থেকে লেজার রশ্মি ছুটে যাচ্ছে এবং দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। আরেকটি পোস্টারে ২০২৪ সালে হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর ট্রাম্পের মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ধরার ছবির আদল ব্যবহার করা হয়েছে। এ ছাড়া স্ট্যাচু অব লিবার্টির পাশ দিয়ে জাহাজটি চলার একটি দৃশ্যও সেখানে দেখানো হয়।



