রাজশাহী চেম্বারের সভাপতি হলেন হাসেন আলী

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন হাসেন আলী। তিনি ‘খ’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ‘ক’ প্যানেলের খন্দকার মিজানুর রহমান। হাসেন আলী হরিণ প্রতীক নিয়ে এক হাজার ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। আর খন্দকার মিজানুর রহমান ক্রিকেট ব্যাট প্রতীকে এক হাজার ২৬ ভোট পেয়েছেন। এই নির্বাচনে ‘খ’ প্যানেল থেকে শুধু বিএনপিপন্থী ব্যবসায়ীরা অংশ নেন। আর ‘ক’ প্যানেলে ২১টি পদের মধ্যে বিএনপিপন্থী ৯ জন, জামায়াতপন্থী ১১ জন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন অংশ নেন। ভোটে ১১টি পদে জয় পেয়েছে ‘ক’ প্যানেল। আর ‘খ’ প্যানেল জিতেছে ১০টি পদে।

দীর্ঘ ১২ বছর পর শনিবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাত ১২টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। সিনিয়র সহসভাপতি পদে ‘ক’ প্যানেলের প্রার্থী শামসুর রহমান শান্তন ঘুড়ি প্রতীকে এক হাজার ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ‘খ’ প্যানেলের প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ।