মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস ২৭ পরিবারে জ্বালানি সরবরাহ

Printed Edition
মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস ২৭ পরিবারে জ্বালানি সরবরাহ
মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস ২৭ পরিবারে জ্বালানি সরবরাহ

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

মুরগির খামারের বর্জ্য সাধারণত দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায়। তবে সে বর্জ্যকেই জ্বালানিতে রূপান্তর করে দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার এক খামারি। মুরগির বিষ্ঠা ও অন্যান্য জৈব বর্জ্য প্রক্রিয়াজাত করে বায়োগ্যাস উৎপাদন করছেন তিনি। উৎপাদিত ওই গ্যাস পাইপলাইনের মাধ্যমে ২৭টি পরিবারের রান্নার কাজে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি উপজাত হিসেবে পাওয়া যাচ্ছে জৈব সার।

সরেজমিন উপজেলার তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা এলাকার ‘খান অ্যাগ্রো’তে গিয়ে দেখা যায়, প্রায় সাত হাজার লেয়ার মুরগির বর্জ্য সংগ্রহ করে বায়োগ্যাস প্লান্টে দেয়া হচ্ছে। খামার থেকে মুরগির বিষ্ঠা পানির সাথে মিশে তরল হয়ে পাইপের মাধ্যমে প্রথমে দু’টি চৌবাচ্চায় যায়। সেখান থেকে এসব বর্জ চলে যায় প্রায় ১২ ফুট গভীর গম্বুজাকৃতির আবদ্ধ ডোমের ভেতর। ওই ডোমে অ্যানারোবিক ডাইজেশনের মাধ্যমে বর্জ্য পচে মিথেনসহ বিভিন্ন গ্যাস তৈরি হয়। গ্যাস জমে চাপ সৃষ্টি হলে তা পাইপের মাধ্যমে রান্নার কাজে সরবরাহ করা হয়।

প্লান্টের অবশিষ্ট বর্জ্য দুর্গন্ধহীন স্লারি হিসেবে জমা হয়। পরে তা কৃষিজমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। ফলে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি রাসায়নিক সারের ব্যবহার কমানোরও সুযোগ তৈরি হচ্ছে এ পদ্ধতির মাধ্যমে।

খান অ্যাগ্রোর স্বত্বাধিকারী এ কে এম সবুজ জানান, তিন বছর আগে খামারটি স্থাপন করা হয়। বর্তমানে প্রতিদিনের বর্জ্য থেকেই বায়োগ্যাস উৎপাদন করা হচ্ছে। প্রায় ২০ ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে ২৭টি পরিবারে। এ গ্যাস সরবরাহের জন্য সবুজ প্রতিটি চুল্লির জন্য মাসে ৭০০ টাকা করে নিচ্ছেন।

বায়োগ্যাসের উপকারভোগীরা বলেন, মুরগির বিষ্ঠা ফেলে না দিয়ে প্রযুক্তির মাধ্যমে জ্বালানিতে রূপান্তর করা গেলে পরিবেশদূষণের পাশাপাশি খামারিদের উৎপাদন ব্যয়ও কমবে। স্থানীয় অন্য খামারিরাও এমন উদ্যোগ গ্রহণ করলে তারাও লাভবান হবেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, অপরিশোধিত পোলট্রি বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন পরিবেশবান্ধব প্রক্রিয়া। এতে দুর্গন্ধ ও দূষণ কমার পাশাপাশি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণও নিয়ন্ত্রণ করা সম্ভব। দেশের জ্বালানি সঙ্কট মোকাবেলায় পোলট্রি বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে।