নভেম্বরের শেষ দিকে জোহানেসবার্গে জি-২০ সম্মেলনের আগে দক্ষিণ আফ্রিকা ও চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা প্রিটোরিয়ায় বৈঠক করেন। ওইদিন আফ্রিকার সবচেয়ে বড় ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক সরাসরি চীনের ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম বা সিআইপিএসের সাথে যুক্ত হয়। এর ফলে আফ্রিকার ব্যবসায়ীরা এখন মার্কিন ডলার ছাড়াই সরাসরি রেনমিনবিতে চীনের সাথে লেনদেন করতে পারবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন ডলার বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা। আজও আন্তর্জাতিক বাণিজ্যের ৮০ শতাংশের বেশি ডলারে হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে গ্লোবাল সাউথে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ছে। ব্রিকস জোট ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। সাম্প্রতিক সময়ে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতও এতে যোগ দিয়েছে। ব্রাজিলও সিআইপিএসে যুক্ত হয়েছে এবং ক্রমশ রিয়াল ও ইউয়ান ব্যবহার করছে চীনের সাথে বাণিজ্যে। ভারত ও আমিরাত রুপি ও দিরহামে লেনদেন করছে। চীন ইউয়ানে এলএনজি বাণিজ্য করছে আমিরাতের সাথে। আর্জেন্টিনা, ইরাক, সৌদি আরব, ইরান ও রাশিয়ার সাথে চীনের তেল বাণিজ্যও রেনমিনবিতে হচ্ছে। ভারত ও রাশিয়া রুবল ও রুপি ব্যবহার করছে দ্বিপক্ষীয় বাণিজ্যে। ব্রিকস দেশগুলো ব্রিজ নামের একটি ডিজিটাল মুদ্রা চালুর উদ্যোগ নিয়েছে, যা সফল হলে ডলার ও সুইফট ছাড়াই লেনদেন সম্ভব হবে। যদিও এখনো কার্যকর হয়নি, তবে এ বছর ভারতের ব্রিকস সম্মেলনে একটি কার্যকর মডেল উপস্থাপনের কথা রয়েছে।



