গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল

Printed Edition
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে শুভেচ্ছাবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : নয়া দিগন্ত
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে শুভেচ্ছাবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : নয়া দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুলত্রুটি তুলে ধরে সঠিকভাবে পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী। গণতন্ত্রের সফলতা অনেকাংশেই নির্ভর করে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপর। গণমাধ্যম শক্তিশালী হলেই, শক্তিশালী হবে গণতন্ত্র। গতকাল শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আনিসুল হক মিলনায়তনে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে আজ ব্যাঙের ছাতার মতো মিডিয়া তৈরি হয়েছে। ভূঁইফোড় এসব মিডিয়া দেশ ও জাতির কোনো কাজে লাগে না। তাদের অনেকেই সত্য তুলে ধরতে ভয় পায়। তারা নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত থাকে। আপনারা যারা সাংবাদিক রয়েছেন, দেশ ও জাতির প্রতি আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। সমাজের নানা রকম খারাপ দিকের পাশাপাশি ভালো দিকগুলোও আপনারা মানুষের সামনে তুলে ধরবেন।

এলজিআরডি মন্ত্রী আরো বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুলত্রুটি হতে পারে, আর সেই ভুল তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই গণমাধ্যমের দায়িত্ব। অনেক সময় সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকরা হামলা-মামলা হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক। ইতোমধ্যে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের অবকাঠামো উন্নয়নে আর্থিক অনুদান দেয়া হয়েেেছ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আগামীতে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে একটি প্রেস কমপ্লেক্স ভবন প্রতিষ্ঠা করে দেয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি লুৎফর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও বিসিবি পরিচালক মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু প্রমুখ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল পরে প্রেস ক্লাবের আধুনিক হলরুমে আয়োজিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় কেক কেটে শুভেচ্ছা বক্তব্য রাখেন তিনি। পরে তিনি ঠাকুরগাঁও তুলা উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেন। এ ছাড়াও জেলার অসহায় ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।