তিাসনিম নিউজ
দ্বিপক্ষীয় বাণিজ্যের বাণিজ্যিক জট খোলা এবং অর্থনৈতিক সহযোগিতার পরিসর বাড়াতে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও পাকিস্তান। বাণিজ্য, ব্যাংকিং, পরিবহন, জ্বালানি ও বিনিয়োগসহ বহুমুখী খাতে পারস্পরিক অংশীদারত্ব বৃদ্ধির ওপর সর্বোচ্চ জোর দিয়েছেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা।
মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যৌথ বাণিজ্য কমিটির দশম অধিবেশনের পাশে ‘ইরান-পাকিস্তান বাণিজ্যের সুযোগ ও প্রতিবন্ধকতা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আতাবাক। বৈঠকে আতাবাক ইরান ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান বাণিজ্য, ব্যাংকিং ব্যবস্থা ও পরিবহন অবকাঠামো আরো সুসংহত করার তাগিদ দেন। সাম্প্রতিক সময়ে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তিগুলো দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
ইরানি মন্ত্রী উল্লেখ করেন, বেসরকারি খাতের সরাসরি অংশগ্রহণ বৃদ্ধি এবং বিদ্যমান বাণিজ্যিক ও প্রশাসনিক বাধাগুলো দূর করা সম্ভব হলে দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়া যাবে। তিনি আরো জানান, জ্বালানি, খনি, শিল্প, কৃষি, লজিস্টিকস, ট্রানজিট, টেলিযোগাযোগ এবং উদীয়মান প্রযুক্তির মতো কৌশলগত গুরুত্বপূর্ণ খাতগুলোতে পাকিস্তানের সাথে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ইরান সম্পূর্ণ প্রস্তুত। আলোচনায় দুই দেশের মধ্যকার ব্যাংকিং জটিলতা নিরসন, ব্যবসায়িক ভিসা প্রাপ্তি সহজ করা, সীমান্ত অবকাঠামোগত উন্নয়ন এবং যৌথ সীমান্ত বাজার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত চূড়ান্তকরণ, শুল্কপ্রক্রিয়া সহজীকরণ, পণ্যবিনিময় (বার্টার ট্রেড) ব্যবস্থা কার্যকর করা এবং দ্বিপক্ষীয় সরাসরি নৌপথ চালুর আবশ্যিকতা তুলে ধরা হয়।



