গণ-অভ্যুত্থান দিবস ঘিরে রাজধানীতে ডিএমপির নিরাপত্তা বলয়

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল গণ-অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দিবসটি উদযাপনে যাতে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা জননিরাপত্তাকে বিঘিœত করতে না পারে, সে জন্য পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেয়া হয়েছে।

ডিএমপি জানায়, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীজুড়ে পুলিশের ডিউটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে মহানগরের সব প্রবেশপথে কঠোর তল্লাশি কার্যক্রম চালানো হবে। কোনো সন্দেহভাজন ব্যক্তি বা বস্তু যাতে নগরীতে প্রবেশ করতে না পারে, সে জন্য চেকপোস্টগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ ভেনু ও জনসমাগমস্থলে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাবে ডিবি এবং সিটিটিসি। যেসব স্থানে সাধারণ মানুষের উপস্থিতি বেশি থাকবে, সেখানে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ-স্কোয়াড। এই ইউনিটগুলো ইতোমধ্যে বিশেষ সুইপিং কার্যক্রম শুরু করেছে।

ডিএমপি জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবসের সব অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ড্রোনের মাধ্যমে ওপর থেকে পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে মাঠে সক্রিয় রয়েছে সিটিএসবি ও আইএডির সদস্যরা। যেকোনো জরুরি পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবেলার জন্য পর্যাপ্তসংখ্যক কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। নিয়মিত পুলিশ ফোর্সের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকবে র‌্যাব এবং সিআইডি। পুরো কার্যক্রমটি সরাসরি তদারকি করবেন ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।