ইকবাল খান
একটি ছোট পাত্রে রোপিত ক্ষুদ্র বৃক্ষ। এ সাধারণ দৃশ্যের মধ্যেই জাপান খুঁজে পেয়েছে এক বিশাল দর্শন, এক অনন্ত ধ্যান। বনসাই শুধু একটি গাছ নয়, এটি এক প্রাচীন নান্দনিক শিল্প, যেখানে প্রকৃতি ও মানুষের সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত হয়। বনসাইর অর্থ ‘পাত্রে রোপিত গাছ’। চীনে এর প্রথম উদ্ভব হলেও জাপানই এ শিল্পকে নিয়ে গেছে ধ্যানমগ্নতার স্তরে। এখানে গাছের প্রতিটি শিকড়, পাতা, শাখা ও বাঁক এমনভাবে পরিচর্যা করা হয়, যেন প্রকৃতির সারল্য ও মানবিক শৃঙ্খলা এক হয়ে যায়। বনসাই শুধু চোখের আনন্দ নয়, এটি মনের শিক্ষা, ধৈর্য, সংযম এবং জীবনের ক্ষুদ্রতার মধ্যেও সৌন্দর্য খুঁজে পাওয়ার এক দার্শনিক উপায়।
জাপানের সমাজে বনসাই একটি শখ নয়; এটি জীবনযাপনের অংশ। একজন বনসাই শিল্পী হয়তো দশ বছর, কখনো বিশ বছর পর্যন্ত একই গাছের পাশে সময় কাটান। তিনি জানেন, প্রকৃতি দ্রুত ফল দেয় না। প্রতিটি ছাঁটাই, প্রতিটি পানিদান, প্রতিটি সূর্যালোকে লুকিয়ে থাকে গভীর মনন। বনসাই এ ধৈর্যেরই প্রতীক যেখানে সৃষ্টি মানুষের, কিন্তু নিয়ম প্রকৃতির।
বনসাইয়ের প্রতি জাপানিদের মমত্ববোধ মূলত এক ধরনের আত্মানুসন্ধান। একটি বনসাই গাছকে যতেœ গড়ে তারা যেন নিজের ভেতরের বিশৃঙ্খলাকে ছাঁটাই করে। গাছের কাণ্ডের রেখা যেমন সময়ের স্মৃতি বহন করে, তেমনি মানুষের মনও বহন করে জীবনের নানা আঘাত ও অগ্রগতি। বনসাই শেখায় কিছু হারিয়ে যায়, কিন্তু তার জায়গায় জন্ম নেয় নতুন শাখা, নতুন প্রাণ।
দর্শনের দিক থেকেও বনসাই এক ধরনের ‘নীরব উপাসনা’। এখানে কোনো জাঁকজমক নেই, নেই কৃত্রিমতা; আছে মৃদু আলো, মাটির গন্ধ আর নিয়ন্ত্রিত জীবনের শ্বাস। প্রতিটি গাছ যেন বলে ‘আমার উচ্চতা নয়, আমার ভারসাম্যই আমার সৌন্দর্য’।
এ কথাই জাপানি সংস্কৃতির মর্মে গভীরভাবে প্রোথিত।
বনসাইকে ঘিরে তৈরি হয় নান্দনিক নীরবতা; যেখানে মানুষ নিজেকে প্রকৃতির অংশ হিসেবে দেখতে শেখে। আধুনিক জীবনের দ্রুততা ও শব্দের বিপরীতে বনসাই একটি স্থিরতার আশ্রয়। যে কেউ মুহূর্তের জন্য বনসাইয়ের সামনে দাঁড়ালে অনুভব করবে জীবন মূলত ছোট ছোট মুহূর্তের সমষ্টি, আর সেই মুহূর্তগুলোর যতœ নেয়াই জীবনের সবচেয়ে বড় শিল্প।
বনসাই শুধু উদ্যানবিদ্যার নিদর্শন নয়; এটি মানব মনের পরিশুদ্ধির প্রতীক। এর পাতায় জ্বলে ওঠে ধৈর্যের আলো, এর শিকড়ে গাঁথা থাকে সময়ের ইতিহাস। একটি বনসাই গাছ হয়তো মাত্র দশ ইঞ্চি উঁচু; কিন্তু এতে লুকিয়ে থাকে একটি পাহাড়, একটি অরণ্য, একটি নদীর প্রবাহ। সেই ক্ষুদ্র জগৎ যেন প্রকৃতির এক নিঃশব্দ পুনর্নির্মাণ; যেখানে মানুষ ও প্রকৃতি একে-অপরকে ছাড়াই অসম্পূর্ণ।
জাপানের বনসাই আমাদের শেখায়- বড় হতে চাইলে নিজেকে ছোট করে দেখতে শিখো; গভীর হতে চাইলে গভীরতার সৌন্দর্য উপলব্ধি করো।
কারণ, জীবনের সত্যিকারের মহত্ত উচ্চতায় নয়, ভারসাম্যে; আর বনসাই সেই ভারসাম্যেরই জীবন্ত ইতিহাস; যেখানে মাটির নরম স্তরে স্থির হয়ে আছে অনন্তের ছায়া।
লেখক : জাপানের মনবশো স্কলার হিরোশিমা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট, জাপান



