নির্দিষ্ট সময়েই লিগ করবে বাফুফে

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বিদেশী ফুটবলারদের বকেয়া এখন পরিশোধ হয়নি। এই বিদেশীরা টাকার দাবিতে ফিফায় অভিযোগ করেছে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল লিগের তিন ক্লাব চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, রানার্সআপ ঢাকা আবাহনী এবং নিচের সারির দল ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল ক্লাব ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞায় পড়েছে। এই ক্লাবগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে ফুটবলারদের টাকা পরিশোধ করতে না পারলে লিগে খেলতে পারবে না। তিন ক্লাব না খেললে সাত দলের লিগ হবে। কিন্তু ফিফা-এএফসির নির্দিষ্ট দল নিয়ে করা লিগের শর্ত পূরণ হবে না। ন্যূনতম ১০ দল থাকতেই হবে। তাই বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী এবং ইয়ংমেন্স ক্লাব যদি নিষেধাজ্ঞা তুলতে না পারে তখন সাত দল নিয়ে লিগ খেলতে হবে। এই অবস্থায় বিকল্প হিসেবে নতুন করে তিন দলকে নেয়া হয়েছে। জানান বাফুফে সভাপতি তাবিথ আওয়াল।

তিনি জানান, আমরা ন্যূনতম ১০ দল নিয়ে লিগ আয়োজন করব। যে কারণে গত লিগ থেকে কোনো দলকে আর রেলিগেটেড করা হচ্ছে না। সাথে বিসিএল থেকে প্রমোশন পাওয়া দলতো থাকছেই। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তিন ক্লাব নিষেধাজ্ঞা তুলে ফেলতে পারে তাহলে এবারের বাংলাদেশ ফুটবল লিগ হবে ১৩ দল নিয়ে।’ এরপরেই বাফুফে সভাপতি জানান, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই লিগ শুরু করব। কোনো দল যদি ফিফার নিষেধাজ্ঞা তুলতে না পারে তাহলে তারা লিগে খেলতে পারবে না।’ বাফুফে সভাপতি জানান, আমি ক্লাবগুলোর সাথে এবং ফিফার সাথে এই বিষয়ে কথা বলেছি। ফিফা কিন্তু ফুটবলারদের স্বার্থেই কথা বলছে। তিনি যোগ করেন, দল বদলের সময় কিন্তু ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সুতরাং দলগুলো পর্যাপ্ত সময় পাচ্ছে।

উল্লেখ্য, ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে এবারের মৌসুম। এতে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ ঢাকা আবাহনীর খেলার কথা। বসুন্ধরা লিগ ও ফেডারেশন কাপ দু’টিতেই চ্যাম্পিয়ন। তাই দ্বিতীয় দল হিসেবে লিগ রানার্সআপ দলকে নেয়া হয়েছে। সাধারণত লিগ চ্যাম্পিয়ন ও ফেডারেশন কাপজয়ী দলই খেলে চ্যালেঞ্জ কাপে। তবে যদি এই দুই দল ফিফার নিষেধাজ্ঞা তুলতে না পারে তখন বিকল্প চিন্তা করতে হবে বাফুফেকে। আপাতত অবশ্য বিকল্প কোনো কিছু ভাবছে না ফেডারেশন। তাদের আশা আগামীকাল পর্যন্ত লিগে খেলতে ক্লাব লাইসেন্সিংয়ের যে সময় বৃদ্ধি করা হয়েছে এই সময়ের মধ্যেই তিন ক্লাব তুলে নেবে ফিফার নিষেধাজ্ঞা। ফিফার নিষেধাজ্ঞার কারণে আগামী হতে যাওয়া এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে পারছে না বসুন্ধরা কিংস ও আবাহনী। এএফসি কাপের লাইসেন্স না থাকায় তাদের বিকল্প হিসেবে লিগে তৃতীয় হওয়া ফর্টিস এফসি ও চতুর্থ স্থান পাওয়া বাংলাদেশ পুলিশ খেলছে এবারের এএফসির আসরে। এদিকে তিন ক্লাবের নিষেধাজ্ঞা এখনো বহাল। আবার তাদের এই শাস্তিটা বাতিল হবে কি না- সেটাও নিশ্চিত নয়। এই দোটানায় পড়েছে অন্য ক্লাবগুলোও। তারা বসুন্ধরা কিংস ও আবাহনীর তারকা ফুটবলারদের যে দলে টানবে সে সিদ্ধান্তও নিতে পারছে না। এমনই অভিমত ব্যক্ত করেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান।

ইনফান্তিনো ইস্যুতে বাফুফে সিদ্ধান্ত সভায়

ফিফা সভাপতির জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষে বিপক্ষে অবস্থান বিভিন্ন দেশ এবং কনফেডারেশনের। আর্জেন্টিনা এবং মেক্সিকো তার পক্ষ নিয়েছে। অন্য দিকে উয়েফা এবং এএফসির অবস্থান ইনফান্তিনোর বিপক্ষে। নরওয়ে তো তার পদত্যাগই চেয়েছে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার বর্তমান সভাপতি ইস্যুতে কোনো পক্ষেই যায়নি। তাদের অবশ্যই সাবধানী হতে হবে। একে তো ফিফার অনুদানের বিষয় আছে। অন্য দিকে এএফসির সিদ্ধান্তের বাইরেও যেতে পারছে না। তাই এই ইস্যু নিয়ে সতর্ক অবস্থান বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের। গতকাল বাফুফে ভবনে মিডিয়ার সাথে কথা বলার সময় জানান, আমরা যা কিছু সিদ্ধান্ত নেবো তা নির্বাহী কমিটির সভায়। এর বাইরে কোনো কথাই নয়। আমরা পক্ষে বা বিপক্ষে এ নিয়ে যা শুনছেন তা সত্য নয়। আমরা যা কিছু করার সভা ডেকেই করব।

১০ একর জমি কম পেল বাফুফে

ফিফার অর্থায়নে কক্সবাজারে ফুটবল স্থাপনা করতে যাচ্ছে বাফুফে। দীর্ঘ প্রক্রিয়া শেষে সেই জমি পেতে যাচ্ছে বাফুফে। তবে বাফুফে চাহিদামাফিক জমি পাচ্ছে না। ২৫ একর জমি চেয়েছিল বাফুফে। কিন্তু সরকার শেষ পর্যন্ত দিচ্ছে ১৫ একর। গতকাল এই তথ্য দেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। জমি কমে যাওয়ায় বাফুফের পরিকল্পনাতেও কাটছাঁট হচ্ছে। তাবিথ আওয়াল জানান, ধরুন এখন আমাদের এখন সুইমিংপুলের সংখ্যা কমাতে হবে। এমন আরকি। তবে ফিফা আমাদের এই পরিবর্তিত পরিকল্পনা মেনে নেবে।

ঢাকায় চারজাতি ফুটবলের চেষ্টা

এবার ফিফা সেপ্টেম্বর ও অক্টোবর উইান্ডোকে এক সাথে করে দিয়েছে। এতে এক উইন্ডোতে চারটি ম্যাচে খেলা সম্ভব। আর বাফুফে সেই সুযোগকে কাজে লাগাতে তিন অথবা চার জাতি টুর্নামেন্ট করতে চায় দেশে। জানান বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আওয়াল। তবে এখনো ঠিক হয়নি তিন জাতি আসর হবে নাকি চার জাতি।

আবার কিরগিজস্তানেও খেলার আমন্ত্রণ পেয়েছে বাফুফে। মধ্য এশিয়ান এই দেশটির আয়োজন করবে তিন জাতি ফুটবল। বাফুফে সভাপতি জানান, আমরা হোমে তিন বা চার জাতি ফুটবল আয়োজন করবো নাকি, কিরগিজস্তানে তিন জাতি ফুটবল খেলবে তা আগামী সপ্তাহে ন্যাশনাল টিমস কমিটির সভায় সিদ্ধান্ত হবে। যে কোনো একটি হবে। হয় দেশে ফুটবল টুর্নামেন্ট। অথবা অ্যাওয়েতে তিন জাতি খেলা।