নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সবুজবাগ এলাকায় একটি শপিং ব্যাগের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে মাদারটেক বাগানবাড়ি খালপাড় এলাকার একটি কালভার্ট ব্রিজের নিচের ময়লার স্তূপ থেকে এই দেহাংশগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশসূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন পথচারী ময়লার স্তূপে একটি পরিত্যক্ত শপিং ব্যাগ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে সবুজবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটির ভেতর থেকে এক তরুণীর খণ্ডিত মস্তক ও দু’টি হাত উদ্ধার করে। তবে লাশের বাকি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া দেহাংশগুলো দেখে পুলিশের ধারণা, নিহতের বয়স আনুমানিক ২০ বছর হতে পারে।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লাশের খণ্ডিত অংশগুলো অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই থেকে তিন দিন আগে ওই নারীকে অন্য কোথাও নির্মমভাবে হত্যার পর পরিচয় গোপন ও প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে তার দেহ খণ্ড-বিখণ্ড করে এখানে ফেলে রাখা হয়েছে।
এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তারা ঘটনাস্থল ও এর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছেন। লাশের বাকি অংশ খুঁজে পেতেও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
এ দিকে রাজধানীর রমনা থানা সিদ্ধেশ্বরী রোডের একটি বাড়িতে পুলিশের অভিযানকালে আট তলা থেকে নিচে পড়ে মোহাম্মদ নজরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ওয়ারেন্টের আসামি ছিলেন। বুধবার রাতে এই ঘটনা ঘটে।
রমনা থানার উপপরিদর্শক (এস আই) মোহাম্মদ উজ্জ্বল হোসেন জানান, নিহত নজরুল হোসেন সরকারি চাকরি করতেন। তিনি ওয়ারেন্টে আসামি ছিলেন। রাত একটার দিকে বাসায় পুলিশ গেলে, পিছনের দরজা দিয়ে পালানোর সময় আট তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে আনার পর রাতে তার মৃত্যু হয়।



