বাসস
জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে গতকাল সরাসরি ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে কাছে ডেকে আন্তরিকভাবে কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তার সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ কথা জানান।
তিনি বলেন, আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন মিতু, যিনি চব্বিশের জুলাই যুদ্ধে আহত হয়ে এখনো চিকিৎসাধীন। হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন মিতু। এ সময় প্রধানমন্ত্রীর সাথে তার এই আন্তরিক সাক্ষাৎ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ তৈরি করে। প্রধানমন্ত্রীর পাশে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও এ সময় ছিলেন।



