পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপির কর্মীসহ ২ জন আহত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে আলমগীর হোসেন (৪৫) ও পথচারী এক নারীসহ দু’জন আহত হয়েছেন। আলমগীরের অবস্থা আশঙ্কাজনক। তিনি বিএনপি কর্মী বলে জানা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গুলিতে আহত আলমগীরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের চাচা আশিক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর- ১১ মিল্লাত ক্যাম্পে চায়ের দোকানে চা খাওয়ার সময় স্থানীয় যুবলীগের রুবেল ও বাপ্পাসহ চারজন একটি প্রাইভেটকারে এসে কোনো কিছু বোঝার আগে ভাতিজাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও কোমড়ের নিচে ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে।

তিনি আরো জানান, আলমগীর পেশায় মাছ ব্যবসায়ী ও পাশাপাশি ঢাকার নবাবগঞ্জ থানার বিএনপির মূল দলের কর্মী। বর্তমানে বাসা মিরপুর-১১ এর তিন নম্বর রোডে। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মিরপুর এলাকা থেকে বিএনপি কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে আসা লোকজনের বরাত দিয়ে তিনি জানান, এ ঘটনায় আরেক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।