পুতিনকে থামানোর মতো যথেষ্ট শক্তিশালী নই আমরা : জেলেনস্কি

Printed Edition

স্কাই নিউজ

রাশিয়ার সাথে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেন আগের চেয়ে শক্তিশালী হলেও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে থামানোর জন্য তা যথেষ্ট নয়। নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র উৎপাদন বাড়ানোর পাশাপাশি মস্কোর ওপর চাপ বাড়াতে রাশিয়ার ভেতরে দূরপাল্লার হামলা চালানো হচ্ছে। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, ‘আমরা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছি, তবে পুতিনকে থামানোর জন্য তা যথেষ্ট নয়।’ ইউক্রেনের দূরপাল্লার হামলার মূল উদ্দেশ্য হলো যুদ্ধের প্রভাব রাশিয়ার ভেতরেও ছড়িয়ে দেয়া। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘আমরা এই চ্যালেঞ্জটি রুশদের জন্যও তৈরি করার চেষ্টা করছি, তা না হলে তারা বুঝতে পারবে না যে যুদ্ধ শুধু ইউক্রেনে নয়, সব জায়গায় চলছে।’ তিনি আরো বলেন, ‘এ কারণেই আমরা জবাব দিতে দূরপাল্লার হামলা শুরু করেছি।’

ইউক্রেনের ক্রমবর্ধমান দূরপাল্লার হামলা সক্ষমতা রাশিয়ার জ্বালানি সরবরাহ ও লজিস্টিক ব্যবস্থা ব্যাহত করেছে, যা ক্রেমলিনের ওপর চাপ বাড়াচ্ছে। আন্তর্জাতিক সহায়তার ওপর জোর দিয়ে তিনি আরো কঠোর নিষেধাজ্ঞা এবং অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানান।