নিজস্ব প্রতিবেদক
রাজধানীর দক্ষিণখান থানার কসাইবাড়ি এলাকার একটি বাসায় রাজিয়া সুলতানা (মিম) (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।
নিহত মিমের বাবা মোহাম্মদ নাসির উদ্দিন বাচ্চু জানান, আমার মেয়ে পুলিশের নারী সদস্য ছিলেন। তার স্বামী রাজিব মিয়াও পুলিশ সদস্য। আমরা জানতে পেরেছি পারিবারিক কলহে রাত ১০টার দিকে মিম রুমে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে ওর স্বামী অচেতন অবস্থায় ওকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমাদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর থানা নয়াবাড়ি এলাকায়। আমার মেয়ে বর্তমানে দক্ষিণ খানে কসাইবাড়ি এলাকার একটি বাসায় স্বামী রাজিব মিয়ার সাথে ভাড়া থাকত। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।



