গবেষণায় সম্মাননা পেলেন জাবি শিক্ষক মিজানুর রহমান

Printed Edition

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান ‘আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষকদের মধ্যে ২০২৫ সালে সর্বোচ্চ সংখ্যক গবেষণা প্রকাশনার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক ও অর্থের চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো: শামছুল আলম।

অনুষ্ঠানে ট্রাস্টের প্রবর্তক ও জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক দারা শামসুদ্দীন বলেন, ২০০১ সাল থেকে ট্রাস্টটি সমাজবিজ্ঞান ও কলা-মানবিক অনুষদের শিক্ষকদের মধ্যে পালাক্রমে সর্বাধিক গবেষণা প্রকাশনার স্বীকৃতি দিয়ে আসছে। তিনি জানান, শিক্ষকদের গবেষণায় উৎসাহ দেয়া এবং মানসম্মত গবেষণার পরিবেশ তৈরির লক্ষ্যেই এ পুরস্কার প্রবর্তন করা হয়েছে। প্রতি বছর গবেষণা প্রকাশনার তথ্য বিশ্লেষণ করে যোগ্য শিক্ষককে নির্বাচন করা হয়।

সহযোগী অধ্যাপক মিজানুর রহমান বলেন, এ স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার। এটি ভবিষ্যতে আরো মানসম্মত গবেষণায় অবদান রাখতে আমাকে উৎসাহিত করবে। আমি মনে করি, এ ধরনের স্বীকৃতি গবেষকদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং গবেষণার প্রতি আরো নিবেদিত হতে সহায়তা করে।