ডিজিটাল আর্থিক সেবা প্রসারে গ্রামীণফোন ও প্রাইম ব্যাংক ফিনটেকের চুক্তি সই

Printed Edition

দেশজুড়ে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও নির্বিঘœ আর্থিক সেবার প্রসারে একসাথে কাজ করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন এবং লাইসেন্সপ্রাপ্ত মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড। সম্প্রতি রাজধানীর জিপিহাউজে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ আমিনুর রহমান এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সহযোগিতার আওতায় গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল ইকোসিস্টেম ও শক্তিশালী নেটওয়ার্কের সাথে প্রাইম ব্যাংক ফিনটেকের এমএফএস প্ল্যাটফর্ম যুক্ত হওয়ায় গ্রাহকদের আর্থিক সেবা গ্রহণের মাত্রা আরো ত্বরান্বিত হবে। চুক্তির ফলে গ্রামীণফোন গ্রাহকরা প্রাইম ব্যাংক ফিনটেকের এমএফএস ব্যবহার করে সহজেই মোবাইল রিচার্জ করতে পারবেন। এ ছাড়া স্মার্টফোন বা ইন্টারনেট সংযোগ নেই এমন গ্রাহকরাও ইউএসএসডি ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট টেলিকম ও আর্থিক সেবা উপভোগ করতে পারবেন; যা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘আমাদের প্রতিটি উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গ্রাহক। প্রাইম ব্যাংক ফিনটেকের সাথে এই অংশীদারিত্বের লক্ষ্য হলো দৈনন্দিন সংযোগের পাশাপাশি নির্ভরযোগ্য আর্থিক সেবা নিশ্চিত করা। এর ফলে গ্রাহকরা তাদের ডিভাইসের ধরন বা ইন্টারনেট সংযোগ নির্বিশেষে আরো নিরাপদে ও সহজে লেনদেন করতে পারবেন। এই পদক্ষেপ বাংলাদেশের ক্রমবর্ধমান মোবাইল অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখবে।’

প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের সিইও শেখ আমিনুর রহমান বলেন, ‘গ্রামীণফোনের সাথে এই পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের সম্মিলিত সক্ষমতাকে কাজে লাগিয়ে বিশাল এক গ্রাহকগোষ্ঠীর কাছে অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাধান পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। কানেক্টিভিটি এবং ফিনটেক উদ্ভাবনের এই সমন্বয় ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ, হেড অফ ডিজিটাল বিজনেস জাহিদুজ জামান এবং হেড অফ ডিজিটাল রিটেইল ইনজামুল হক চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ মাহবুব সোবহান, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদ এবং হেড অফ টেকনোলজি অপারেশন অ্যান্ড সার্ভিসেস মাহিদুল হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।