সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকতে বললেন এনসিপির নেতারা

নিজস্ব প্রতিবেদক
Printed Edition

সচিবালয়ের ক্যু থেকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। গতকাল সোমবার হাসনাত তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এমন মন্তব্য করেন। একই বিষয়ে কথা বলেছেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও।

জনগণকে সতর্ক করে হাসনাত বলেন, জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন। ৫ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে, হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের ক্যু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে। বাংলাদেশের জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে। সুতরাং সাবধান!

সারোয়ার তুষার বলেন, সরকারি চাকরি (সংশোধিত) অধ্যাদেশ-২০২৫ বাস্তবায়ন হলে আমলারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। দুর্নীতি ও অন্যান্য অপরাধ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত আমলাদের চাকরিচ্যুতির মুখোমুখি হতে হবেন, এমন সংস্কার প্রস্তাব করা হয়েছে। এ কারণে সচিবালয় অচল করে দিয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তারা এই গণবান্ধব সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যেসব আমলা এই সংশোধনীর বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের এই অধ্যাদেশের মাধ্যমেই বরখাস্ত করে নতুন নিয়োগ দিতে হবে। পাশাপাশি আমলাদের এই আন্দোলনের পেছনে কাদের ইন্ধন আছে, গোয়েন্দা তথ্যের মাধ্যমে তা জনসম্মুখে আনতে হবে।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কারের উদ্দেশ্যে করা নীতিমালার বিরোধিতা করে বেশ কয়েকদিন ধরেই কার্যক্রম বন্ধ রেখেছেন আমলারা। এ নিয়ে নানা মহলে তৈরি হয়েছে অসন্তোষ ও ক্ষোভ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই গতকাল হাসনাত এমন মন্তব্য করেন।