আলজাজিরা
শ্রীলঙ্কায় ভয়াবহ ঘূর্ণিঝড় ‘দিতওয়া’-এর পর পুনরুদ্ধার কার্যক্রম আরো জটিল হয়ে উঠেছে প্রবল বর্ষণে। গত সপ্তাহে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে অন্তত ৪৮৬ জন নিহত হয়েছে, নিখোঁজ রয়েছেন আরো ৩৪১ জন। প্রায় ৫০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক লাখ ৭০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলে মাত্র ১৫ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। গতকাল শুক্রবারও দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে। এ কারণে উদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে এ দুর্যোগকে দেশের ইতিহাসে সবচেয়ে কঠিন উদ্ধার অভিযান হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘আমরা আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে কঠিন উদ্ধারকার্যক্রম পরিচালনা করছি।’
প্রবল বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়ায় অনেক পরিবারকে বাড়ি ফিরতে নিষেধ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সরকার পর্যাপ্ত প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বাড়ি পরিষ্কারে ২৫ হাজার রুপি এবং পুনর্নির্মাণে ২.৫ মিলিয়ন রুপি পর্যন্ত সহায়তা দেয়া হচ্ছে। তবে পুনর্গঠনে মোট ব্যয় দাঁড়াতে পারে ৬-৭ বিলিয়ন ডলার।
বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে পুনরুদ্ধার হলেও কেন্দ্রীয় প্রদেশের বহু এলাকায় এখনো বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন। আন্তর্জাতিক সহায়তা নিয়ে পুনর্গঠন শুরু করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট দিসানায়েকে।



