প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, আইনগত বিষয়াদি সঠিক পরিচালন এবং সরকারি বিধিবিধান পালনে কর্মকর্তাদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) উদ্যোগে “মামলা পরিচালনা, বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) লিখন, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ (সংশোধিত) এবং অফিস ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিএসএফআইসির চিনিশিল্প ভবনের নবম তলায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন অনুষ্ঠানের মুখ্য আলোচক ও বিএসএফআইসির চেয়ারম্যান মো: শামছুজ্জামান সুরুজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রশাসনিক কাজে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি সরকারি ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের জন্য সার্ভিস রুলস, শৃঙ্খলা বিধি ও অফিস ব্যবস্থাপনাসংক্রান্ত জ্ঞান অত্যন্ত জরুরি। বিশেষ করে সঠিক নিয়মে মামলা পরিচালনা ও বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) মূল্যায়ন প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কর্মকর্তারা তাদের কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে সক্ষম হবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্মসচিব ও সংস্থার পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান, যুগ্মসচিব ও সংস্থার পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) মোহাম্মদ সাঈদ-উর-রহমান, যুগ্মসচিব ও সংস্থার পরিচালক (অর্থ) তাহমিনা আক্তার, পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম, সংস্থার সচিব মোহাম্মদ মুজিবুর রহমান এবং বিভিন্ন বিভাগীয় প্রধানসহ বিএসএফআইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় বিএসএফআইসির মোট ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। কর্মশালায় উপস্থিত বিশেষজ্ঞ প্রশিক্ষকরা প্রশিক্ষণার্থীদের সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ (সংশোধিত)-এর হালনাগাদ প্রয়োগ, সরকারি নথি ব্যবস্থাপনা ও কেস হ্যান্ডলিংয়ের নানা গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক দিক তুলে ধরেন। বিজ্ঞপ্তি।



