ছুটির দিনে বাণিজ্যমেলায় উপচে পড়া ভিড়

Printed Edition
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় গতকাল ক্রেতা-দর্শনার্থীর ভিড় ছিল লক্ষণীয়  :  নয়া দিগন্ত
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় গতকাল ক্রেতা-দর্শনার্থীর ভিড় ছিল লক্ষণীয় : নয়া দিগন্ত

গিয়াসউদ্দিন বাবুল পূর্বাচল সংবাদদাতা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রথম ছুটির দিনে গতকাল শুক্রবার ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এ দিন সব বয়সী ক্রেতা-দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যা ছিল বেশি। ছাড় দেয়া পণ্যের ক্রেতাই বেশি দেখা গেছে।

গতকাল বিকেল থেকেই দর্শনার্থী বাড়তে থাকে বাণিজ্যমেলায়। সন্ধ্যার দিকে কিছু কিছু স্টলে বেশি ক্রেতা দেখা গেছে। বিশেষ করে কম দামের যেসব পণ্য রয়েছে ওইসব স্টলে ভিড় ছিল। মেলায় দর্শনার্থী বাড়তে থাকায় বিক্রেতাদেরও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। মেলার প্রথম শুক্রবারে ক্রেতা-দর্শনার্থী বেশি পেয়ে খুশি বিক্রেতারা। এ বছর রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় ক্রেতা-দর্শনার্থীদের সাড়া গত বছরের তুলনায় ভালো পাওয়া যাবে বলে আশা করছেন স্টল-প্যাভিলিয়নের মালিকরা।

নারায়ণগঞ্জের বন্দর থেকে আসা শিক্ষক দম্পতি শরীফ আহমেদ ও মরিয়ম বেগম জানান, আন্তর্জাতিক বাণিজ্যমেলার এবার ৩০তম আসর। তবে গত বছরের তুলনায় এবার ক্রেতা-দর্শনার্থী কিছুটা কমই মনে হচ্ছে। স্টল ও প্যাভিলিয়নও কম মনে হচ্ছে। বাণিজ্যমেলা থেকে প্রতি বছরই কিছু গৃহস্থালি পণ্য কিনে থাকি। এখনো কিছু কেনাকাটা করিনি। আরো কিছু দিন গেলে বিভিন্ন পণ্যে ছাড় দিবে। তখন সংসারের কাজের জন্য কিছু কেনাকাটা করব।

সোহাগ ইলেক্ট্রনিক্স স্টলের বিক্রয় প্রতিনিধি মোহাইমিন জানান, এবার প্লাস্টিক পণ্যের পাশাপাশি ক্রেতাদের আগ্রহ রয়েছে প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলাসহ নানা ধরনের ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিক গৃহস্থালি পণ্যে।

বাণিজ্যমেলায় অংশ নেয়া আকতার ফার্নিচারের বিক্রয় প্রতিনিধি মফিজুল ইসলাম জানান, আমাদের কোম্পানি ফার্নিচার পণ্যে মেলা উপলক্ষে শুরু থেকেই ১৫ শতাংশ ছাড় দিচ্ছে। আর এ কারণে ক্রেতাদের আগ্রহ রয়েছে আক্তার ফার্নিচারে। মেলায় অন্যান্য দিনের চেয়ে শুক্রবার ক্রেতা দর্শনার্থী বেশি হওয়ায় অর্ডারও ভালো হচ্ছে।

রূপগঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সদস্য মো: হানিফ মোল্লা বলেন, হরেক রকমের পণ্য পাওয়া যায় বলে প্রতি বছরই মেলার অপেক্ষায় থাকি। এবার মেলা থেকে একটি ব্লেন্ডার, একটি রাইস কুকার ও ঘরে ব্যবহারের জন্য কিছু আসবাবপত্র কিনেছি। মেলায় কেনাকাটার জন্য সপরিবারে একাধিকবার আসা হয়।

আকিজ প্যাভিলিয়নের বিক্রয়কর্মী সোহান আহমেদ বলেন, আকিজ ব্র্যান্ড কম মূল্যে এবার মোটরসাইকেল, স্কুটি, থ্রি-হুইলার, প্রাইভেট কার মেলায় এনেছে। এ ছাড়াও সব ধরনের ইলেক্ট্রনিক পণ্য রয়েছে মেলায়। মেলা উপলক্ষে ক্রেতাদের আকিজ গ্রুপ সব ধরনের পণ্যেরে ওপর বিশেষ ছাড় দেয়া হচ্ছে।

ঢাকার লালবাগ থেকে মেলায় আসা চাকরিজীবী ইমতিয়াজ বলেন, ছুটির দিন থাকায় ছেলেমেয়েদের নিয়ে মেলায় ঘুরতে এসেছি। স্বাধ্যের মধ্যে মেয়ের পছন্দের একটি টেলিভিশন কিনব। মেলায় সব ব্রান্ডের পণ্য পাওয়া যায়। এছাড়া বিশেষ ছাড়ও রয়েছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। উদ্বোধনকালে তিনি এবারের মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছেন।

রফতানি উন্নয়ন ব্যুরোর সচিব তরফদার সোহেল রহমান বলেন, এ বছর মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, হংকং, তুরস্ক ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সুন্দর ও সুষ্ঠুভাবে এবারের মেলা সফল করতে ইপিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবী রানী কর্মকার বলেন, তীব্র শীত উপেক্ষা করে ক্রেতা-দর্শনার্থীরা মেলায় আসছেন। মেলায় ব্যবসায়ীদের সুবিধার্থে বেশ কয়েকটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হয়েছে। বহু বেকার ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্যাভিলিয়নে খণ্ডকালীন চাকরি করার সুযোগ পেয়েছে।