জানাজা শেষে দাফন ফ্লোরিডায় নিহত লিমনের লাশ পরিবারের কাছে হস্তান্তর

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বাংলাদেশী পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ গতকাল ঢাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাতে জামালপুরের মাদারগঞ্জের লালডোবা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে বাদ মাগরিব লিমনের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। একই বিশ্ববিদ্যালয়ের অপর পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ শনাক্ত হওয়ার পর তা দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

লিমনের লাশ গতকাল সকাল ৮টা ৪০ মিনিটে দেশে পৌঁছায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষে লাশ গ্রহণ করেন এবং বিমানবন্দরে উপস্থিত নিহত লিমনের পরিবারের কাছে হস্তান্তর করেন। লাশ গ্রহণ এবং হস্তান্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করেছে।

বিমানবন্দরে শামা ওবায়েদ এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যোগাযোগ আছে বলে জানান। যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত সম্পন্ন করবে এবং হত্যাকাণ্ডের জন্য দায়ীদের উপযুক্ত শাস্তির আওতায় আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি মধ্য এপ্রিলে একসাথে নিখোঁজ হন। এরপর অভিযোগের ভিত্তিতে লিমনের ২৬ বছর বয়সী রুমমেট হিশাম আবুঘরবেকে এই জোড়া খুনের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। লিমনের খণ্ডিত লাশ একটি ব্রিজের নিচে পচন ধরা অবস্থায় ট্র্যাশ ব্যাগে ভরা ছিল। বৃষ্টিকেও একইভাবে হত্যা করে তার লাশ সরিয়ে ফেলা হয়েছিল। ঘাতক হিশামের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অপর বাংলাদেশী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ শনাক্তের খবর গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করা হয়েছে। এর পরপরই মায়ামির বাংলাদেশ কনস্যুলেট তার লাশ দেশে পাঠানোর জন্য পরিবারের সম্মতি নিয়ে পিনালেস কাউন্টির মেডিক্যাল এক্সামিনারকে একই ফিউনারেল হোমের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করেছে। বৃষ্টির লাশ দ্রুততম সময়ে ঢাকা পাঠানোর জন্য ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও মায়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল একযোগে কাজ করছে।