চট্টগ্রাম ব্যুরো
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স নির্ধারিত ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে।
গতকাল চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতেই হবে, যাতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় অপচয় না হয়। ইতোমধ্যে আমরা ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছি। যাতে তারা যথাযথ প্রস্তুতি নিতে পারে। এরপর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াও সমন্বয় করব। শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তনের কোনো বিকল্প নেই। এজন্য বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের অনার্স কোর্স ওই সময়ের মধ্যেই শেষ করতে।
তিনি আরো বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই আগামী প্রজন্ম গঠনে শিক্ষকদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। শিক্ষকদের মধ্যে স্বতঃপ্রণোদনা থাকতে হবে, নিজেদের সম্মান অর্জন করে নিতে হবে।
তিনি বলেন, এখন পরীক্ষায় নকলের ধরন পরিবর্তন হয়েছে। অনেকে ডিজিটাল যন্ত্র ব্যবহার করে নকলের চেষ্টা করে। তাই এ বিষয়ে কেন্দ্র সচিবদের সতর্ক থাকাসহ স্বচ্ছভাবে পরীক্ষা নিতে হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিতে চেয়েছিল
নোয়াখালী অফিস জানায়, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আওয়ামী লীগ সরকার চেয়েছিল দেশটা ধ্বংস করে দিতে। আমাদের বিপুল সংখ্যক শিক্ষক নিতে হবে। আমি জানি এ জায়গাটা অত্যন্ত কঠিন। সব ধরনের বৈষম্য দূর করে কারিগরি ও মাদরাসা শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে। পাশাপাশি শিক্ষক সঙ্কট দূর করতে দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করা হবে।
তিনি সোমবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মো: আফতাব উদ্দীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী-৫ আসনের এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার, সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কোম্পানীগঞ্জ উপজেলা সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন প্রমুখ।



