নিজস্ব প্রতিবেদক
আইনের শাসন হলো গণতন্ত্রের মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ দাঁড়াতে পারে না, ঠিক তেমনি আইনের শাসন ছাড়া গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে। আইনের শাসন থাকলে দেশ উন্নত হবে, সবার উপকার হবে, আসবে বিদেশী বিনিয়োগ। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা গড়ে তুলতে না পারলে আইনের শাসন শুধু কেতাবেই সীমাবদ্ধ থাকবে। বাস্তবে তার প্রয়োগ আমরা দেখতে পাব না। গণতন্ত্রের মেরুদণ্ডসদৃশ আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যারিস্টার নাজির আহমদের সাহসী ও শক্তিমান ক্রিটিক্যাল লেখালেখি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ব্রিটেনের উচ্চ আদালতের প্র্যাকটিসিং ব্যারিস্টার, বিশিষ্ট লেখক ও সংবিধান বিশেষজ্ঞ, রাষ্ট্রচিন্তক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও লন্ডন বারা অব নিউহ্যামের টানা তিনবারের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদের লিখিত দু’টি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী এ কথা বলেন।
তিনি আরো বলেন, উচ্চ আদালতে পঞ্চাশ লাখের মতো মামলা পেন্ডিং আছে। এতে পাঁচ হাজারের মতো বিচারক নিয়োগ দিলেও রাতারাতি মামলাগুলোর নিষ্পতি হবে না। এক যুগের ওপরে সময় লাগবে। এজন্য বিকল্প বিরোধ মীমাংসা পদ্ধতির দিকে সংশ্লিষ্টদের সক্রিয় নজর দিতে হবে। প্রচলিত ব্যবস্থায় মামুলি বিষয়ে করা মামলার নিষ্পত্তিতে বরং বিবাদ ও কলহ আরো বাড়ায়, সৃষ্টি হয় তিক্ততার। একে অন্যের মুখ দেখাদেখি বন্ধ হয়। অপরদিকে মিডিয়েশন ও আর্বিট্রেশন সংশ্লিষ্টদের জন্য “উইন-উইন” ফলাফল নিয়ে আসে।
“আইন, সংবিধান ও নাগরিক অধিকার” ও “একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশায়” এর প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল বিচারক ইকতেদার আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক সিনিয়র বিচারপতি এ এফ এম আব্দুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ টি এম মিজানুর রহমান, লেখক ও সাহিত্যিক আমিনুল ইসলাম প্রমুখ।
গ্রন্থ দু’টির লেখক ব্যারিস্টার নাজির আহমদ বলেন, আইন চর্চা হচ্ছে আমার প্রধান পেশা। দীর্ঘ ২৭ বছর ধরে আইনের প্র্যাকটিস করছি। এর বাইরে আমি বাংলাদেশ নিয়ে ভাবি ও লেখালেখি করি। তিনি বলেন, প্রবাসে দীর্ঘদিন ধরে অবস্থান করলেও এই ভূখণ্ডের জন্ম নেয়ার জন্য এর প্রতি প্রভু প্রদত্ত তার কর্তব্যবোধ রয়েছে। সংবিধানে লেখা আছে আইনের দৃষ্টিতে সবাই সমান কিন্তু বাস্তবে আমরা দেখি তার উল্টো। এ ধরনের দ্বিচারিতা নিয়ে জাতি খুব বেশি এগুতে পারে না, উন্নতির উচ্চ শিখরে ওঠা তো দূরের ব্যাপার।



