ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন আজ

আহত সেনাকর্মকর্তার শয্যাপাশে প্রধানমন্ত্রী

Printed Edition
চট্টগ্রামে অনুশীলনের সময় আহত সেনাকর্মকর্তাকে সিএমএইচে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান : পিএমও
চট্টগ্রামে অনুশীলনের সময় আহত সেনাকর্মকর্তাকে সিএমএইচে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান : পিএমও

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তথ্য অধিদফতরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। গতকাল শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন ওই কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান। তিনি জানান, প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় হাসপাতালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আহত সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সাহস ও সান্ত¡না দেন প্রধানমন্ত্রী।

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।

উপ-প্রেস সচিব আরো জানান, দুর্ঘটনায় নিহত দুই সেনা সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ-জামানসহ ঊর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।