কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জে আদালতের উচ্ছেদ আদেশ তামিলের সময় বিবাদীপক্ষ দোকানপাটে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এতে চারটি দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাটি ঘটে গত সোমবার বেলা ১১টার দিকে জয়কা ইউনিয়নের বালিয়াবাড়ি বাজারে। এ সময় করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবিরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কুকিমাদল গ্রামের নজরুল ইসলাম ও মোকারমের মধ্যে বাজারের রাস্তার পাশে ২৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক সালিস হলেও সমাধান না হওয়ায় মোকারম কয়েক বছর আগে আদালতে মামলা করেন। সম্প্রতি আদালত তার পক্ষে রায় দিয়ে উচ্ছেদ আদেশ দেন।
উচ্ছেদ তামিলের সময় প্রত্যক্ষদর্শীরা জানান, বিবাদি নজরুলের ভাই সুলতান নিজের দোকানে ঢুকে গ্যাস সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেন। এতে তিনি নিজেও দগ্ধ হন। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে নজরুল ও মোকারমের দু’টিসহ মোট চারটি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬০-৭০ লাখ টাকা বলে দাবি ব্যবসায়ীদের। মোকারম বলেন, ‘নজরুলরা দীর্ঘদিন আমার জমি দখলে রেখে দোকান ভাড়া দিত। আদালতের রায় আমার পক্ষে আসায় উচ্ছেদে যাওয়া হলে তারা আগুন লাগিয়ে দেয়।’ ঘটনার পর নজরুল ও তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। এসিল্যান্ড আল-আমিন কবির বলেন, ‘উচ্ছেদ অভিযানের সময় বিবাদিপক্ষ আগুন লাগায়। আগুন নেভানোর পর উচ্ছেদ সম্পন্ন করে বাদিপক্ষকে জমি বুঝিয়ে দেয়া হয়েছে।’ করিমগঞ্জ থানার ওসি সাদেক আল মামুন জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



