এবার মাদুরোর পরিবারের সদস্যদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Printed Edition

আলজাজিরা

এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং সহযোগীর ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন কারাকাসের ওপর চাপ বৃদ্ধি এবং ভেনেজুয়েলার সীমান্তে মার্কিন বাহিনী গঠন অব্যাহত রাখার মধ্যেই মার্কিন ট্রেজারি বিভাগ নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

শুক্রবার নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়েছে। এমন এক সময়ে এই নিষেধাজ্ঞা জারি করা হলো যখন মার্কিন সেনাবাহিনী দেশটির উপকূলে বিভিন্ন তেলবাহী জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার একটি তেল ট্যাংকারও জব্দ করেছে এবং মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন ভেনেজুয়েলার বন্দর থেকে আসা এবং ছেড়ে যাওয়া সব জাহাজের ওপর নৌ অবরোধ আরোপ করা হয়েছে।

নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, মাদুরো এবং তার অপরাধী সহযোগীরা শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তিনি আরো বলেন, ট্রাম্প প্রশাসন তার অবৈধ একনায়কতন্ত্রকে সমর্থনকারী নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে থাকবে।

মাদুরোর ভাগ্নে মালপিকা ফ্লোরেসের পরিবারের সদস্য, সহযোগী এবং পানামার ব্যবসায়ী র‌্যামন ক্যারেটেরোসহ সাতজন নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। গত ১১ ডিসেম্বর ভেনেজুয়েলার পতাকাবাহী ছয়টি তেল ট্যাংকার এবং শিপিং সংস্থাকেও লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।