হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে হাম উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগের। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৬৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৫৯৬ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। আর নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৯৩ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হামের উপসর্গ মিলেছে ৯৫ হাজার ৭৬০ জনের, আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে মোট ১১ হাজার ৩৯০ জনের শরীরে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯ হাজার ৬৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে গেছে ৭৫ হাজার ৮৮২ জন।