রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশার এক যুবককে পরকীয়ার জেরে নারায়ণগঞ্জে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী চকের মধ্য থেকে মাথাবিহীন অবস্থায় লাশ উদ্ধার করে আড়াইহাজার থানা পুলিশ। নিহতের নাম আবরাহাম খান ওরফে আলিম। তিনি রাজবাড়ীর পাংশা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরদুর্লভদিয়া গ্রামের বাসিন্দা এবং ওয়াজেদ খানের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আলিম কাতারপ্রবাসী ছিলেন। ছয়-সাত মাস আগে দেশে ফেরেন। এ সময় পাংশা পৌর শহরের পারনারায়ণপুর এলাকার এক প্রবাসীর স্ত্রীর সাথে তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। কিছু দিন আগে বিষয়টি জানাজানি হলে ওই নারী বাবার বাড়ি নারায়ণগঞ্জে চলে যান।
পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ১৫ ডিসেম্বর আলিম কালুখালী উপজেলার বন্ধু সাকিল শেখের সাথে ঢাকায় কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। ওই রাত থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পর দিন সকালে নারায়ণগঞ্জে তার লাশ উদ্ধারের খবর আসে।
নিহতের পরিবারের অভিযোগ, পরকীয়ায় জড়িত ওই নারী আলিমকে নারায়ণগঞ্জে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত নারীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
পাংশা মডেল থানার ওসি মঈনুল ইসলাম বলেন, বিষয়টি আড়াইহাজার থানা পুলিশের মাধ্যমে জানা গেছে। নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে।



