মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বিশ্বনেতাদের ফোনালাপ

Printed Edition

সৌদি গেজেট ও আলজাজিরা

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং লোহিত সাগরে মুক্ত নৌ-চলাচল নিশ্চিত করার ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে ফোনে আলোচনা করেছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক পৃথক ফোনালাপে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল শুক্রবার ভোরে ফরাসি প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। কথোপকথনে দুই নেতা রিয়াদ ও প্যারিসের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং কৌশলগত সম্পর্ক গভীর করার বিষয়ে মতবিনিময় করেন। একই সাথে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক বিষয়ের পাশাপাশি ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার ফলে সৃষ্ট সঙ্কটময় পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। এ দিকে সামাজিক মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে মোদি উল্লেখ করেন, তারা ভারত-ইসরাইল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন অগ্রগতির হিসাব-নিকাশ পর্যালোচনা করেছেন। চলমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেও দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় কূটনৈতিক ভিত্তি আরো শক্তিশালী হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষভাগে নরেন্দ্র মোদির ইসরাইল ভ্রমণ রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে সামরিক হামলা চালানোর কয়েক দিন পূর্বে পরিচালিত সেই সফরটিকে বিরোধীরা ‘অনুপযুক্ত সময়ের সফর’ হিসেবে আখ্যা দেন।