গণিতে দক্ষতার ওপর নির্ভর করে জাতির প্রযুক্তিগত অগ্রগতি : ডুয়েট ভিসি

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

কোনো জাতির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি অধিকাংশই নির্ভর করে সেই জাতির গণিতে দক্ষতার ওপর বলে মন্তব্য করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল।

শনিবার (২৫ জুলাই) গাজীপুরে ডুয়েটের গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত দেশের অন্যতম বৃহৎ গণিত উৎসব ‘ন্যাশনাল ম্যাথমেটিক্স কার্নিভাল-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে সকালে ডুয়েটের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কার্নিভাল শুরু হয়। উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার।

তিনি বলেন, গণিত বিজ্ঞানের ভাষা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সসহ আধুনিক প্রযুক্তির অগ্রগতির মূলে রয়েছে গাণিতিক মডেলিং ও যুক্তিনির্ভর চিন্তাভাবনা। স্কুলজীবন থেকেই শিক্ষার্থীদের গণিতের প্রতি ভালোবাসা তৈরি করা গেলে তারা ভবিষ্যতে জটিল সমস্যা সমাধানে আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

গণিত বিভাগের অধ্যাপক ড. মো: আবু নঈম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম, ডুয়েট ছাত্র কল্যাণ দফতরের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো: সাহাব উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: মোস্তাকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।