ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসন্তবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিভাগের শিক্ষকমণ্ডলীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ উৎসব শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও নান্দনিক চর্চার বিকাশে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বসন্তের আবহে সাজানো বিভিন্ন স্টলে পিঠা, ফল ও হস্তশিল্প সামগ্রীর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে পরিবেশিত সাংস্কৃতিক পর্ব উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। তিনি শিক্ষার্থীদের নিয়মিত সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত থাকার আহ্বান জানান। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। তিনি বলেন, এ ধরনের সৃজনশীল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা ও সাংস্কৃতিক চেতনা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের সমাপনী পর্বে ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক এ এস এম ইফতেখার আজম এই আয়োজনটি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।



