বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বশীল সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ গঠন, আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা এবং গবেষণাভিত্তিক তাফসিরচর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার নগরীর বহদ্দারহাটের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ৫৫ জন আলেম-ওলামা অংশ নেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের চট্টগ্রাম বিভাগের সভাপতি ড. প্রফেসর সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান। সঞ্চালনা করেন ড. আবুল কালাম। প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসূল সা: সাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহির জাবিরী আল-মাদানী। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ফখরুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ আমিরুজ্জামান ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। মুদাররিস হিসেবে উপস্থিত ছিলেন ড. বি এম মফিজুর রহমান আজহারী।
প্রধান অতিথির বক্তব্যে সাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহির জাবিরী আল-মাদানী বলেন, বর্তমান সঙ্কট মোকাবেলায় আলেম সমাজের ঐক্যবদ্ধ, দায়িত্বশীল ও আপসহীন ভূমিকার বিকল্প নেই। কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় বিভেদ নয় বরং ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সাথে দাওয়াত, শিক্ষা, গবেষণা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আলেমদের আরো সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান আলোচক মাওলানা ফখরুদ্দিন বলেন, কুরআনের সঠিক মর্মবাণী মানুষের কাছে পৌঁছে দেয়া, গবেষণাভিত্তিক তাফসিরচর্চা এবং যুগোপযোগী ইসলামী চিন্তার বিকাশে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের দায়িত্ব আরো বিস্তৃত হয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় ও জেলা পর্যায়ে সমন্বিত কার্যক্রম জোরদারের প্রয়োজন রয়েছে।
বক্তারা বলেন, কুরআনভিত্তিক জ্ঞানচর্চা, গবেষণা ও দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ন্যায়ভিত্তিক, নৈতিক ও মানবিক সমাজ গঠনে সংগঠনটি ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম, গবেষণা, প্রশিক্ষণ ও সমন্বয়মূলক উদ্যোগ আরো সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেয়া হয়। সম্মেলনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিশিষ্ট আলেম-ওলামা ও সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



