১২ টন চকোলেট চুরি

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ইতালি থেকে পোল্যান্ডে নেয়ার পথে গত সপ্তাহে চার লাখ ১৩ হাজার ৭৯৩টি বা প্রায় ১২ টন কিটক্যাট চকোলেট বারবাহী একটি কার্গো নিখোঁজ হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নেসলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। পণ্যবোঝাই ওই যানটির এখনো কোনো হদিস পাওয়া যায়নি। চকোলেট ও ওয়াফেলের তৈরি এই জনপ্রিয় চকোলেটের চালানটি উৎপাদনস্থল থেকে ইউরোপের বিভিন্ন বাজারে বিতরণের জন্য পাঠানো হয়েছিল।

নেসলে জানিয়েছে, চুরি যাওয়া এই চকোলেটগুলো ইউরোপের বিভিন্ন দেশের অসাধু বাজার বা অনানুষ্ঠানিক উপায়ে বিক্রি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে প্রতিটি চকোলেটে থাকা বিশেষ ‘ব্যাচ কোড’ ব্যবহার করে এগুলো শনাক্ত করা সম্ভব। নেসলের বিবৃতিতে রসিকতা করে বলা হয়েছে, আমরা অপরাধীদের চমৎকার রুচির প্রশংসা করছি।