রয়টার্স
থাইল্যান্ডে টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে নদীর পানি উপচে দেখা দেয়া বন্যায় ২২ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন পরিষেবার কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় ব্যাংকক বাদে ১৯ প্রদেশের তিন লাখ ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদেশগুলোর মধ্যে উত্তরাদিত ও ব্যাংককের উত্তর দিকে অবস্থিত আয়ুথায়ার অবস্থা বেশি খারাপ।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও ত্রাণকার্যক্রম জোরদার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা দলগুলো খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করছে। দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন পরিষেবার জানিয়েছে, ব্যাপক বৃষ্টিপাতের কারণে নদীর পানি বাড়তে থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে পরিস্থিতি মোকাবেলায় সোমবার জরুরি ত্রাণ তৎপরতা শুরু করার নির্দেশ দেন থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরাঞ্চলের ছয়টি, মধ্যাঞ্চলের আটটি, উত্তর-পূর্বাঞ্চলের চারটি এবং পূর্বাঞ্চলের একটি প্রদেশ বন্যায় আক্রান্ত হয়েছে।


