সচিবপর্যায়ে বড় রদবদল

নতুন সচিব হলেন ৮ জন ৫ জনকে প্রত্যাহার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ কর্মদিবসে প্রশাসনের সর্বোচ্চপর্যায়ে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত সচিবপর্যায়ের আট কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। আওয়ামী সুবিধাভোগী পাঁচ সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসনে সংযুক্ত করা হয়েছে। বদলি করা হয়েছে তিনজন সচিবকে। চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন একজন সচিব। বুধবার গভীর রাতে এই প্রজ্ঞাপনগুলো জারি করা হয়।

পদোন্নতি পেলেন ৮ অতিরিক্ত সচিব : অতিরিক্ত সচিব পদমর্যাদার আট কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। এসব কর্মকর্তার অধিকাংশই গত আওয়ামী সরকারের সময়ে পদোন্নতিবঞ্চিত ছিলেন, যারা ৫ আগস্টের পরে সিনিয়র সহকারী সচিব থেকে এক মাসের মধ্যে অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়েছিলেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়াকে পদোন্নতি দিয়ে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (অতিরিক্ত সচিব) মিজ ইয়াসমীন পারভীনকে পদোন্নতি দিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনার বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদকে পদোন্নতি দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহা: রায়হান কাওছারকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ ফাহমিদা আখতারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: দেলোয়ার হোসেনকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

সরিয়ে দেয়া হলো ৫ সচিবকে : পৃথক প্রজ্ঞাপনে পাঁচজন সচিবকে জনপ্রশাসনে সংযুক্ত করা হয়েছে। এসব কর্মকর্তা আওয়ামী শাসনামলে নিয়মিত পদোন্নতি পান এবং গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেন। এ কর্মকর্তারা হলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মিজ নাজমা মোবারেক, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নুর চৌধুরী, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মিজ জাহেদা পারভীন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

তিন সচিবের দফতর বদল : পৃথক প্রজ্ঞাপনে তিনজন সচিবের দফতর বদল করা হয়েছে। এদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহানকে বদলি করে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) পদায়ন করা হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের চুক্তিভিত্তিক নিয়োগ : অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ সচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এস এম এবাদুর রহমানকে এক বছরের জন্য এই নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী এস এম এবাদুর রহমানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।