সমৃদ্ধি অর্জনে নারীর নিরাপত্তা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির

আন্তর্জাতিক নারী দিবস পালিত

Printed Edition
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ উদ্যাপন ও ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তরা ফটোসেশনে অংশ নেন : পিআইডি
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ উদ্যাপন ও ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তরা ফটোসেশনে অংশ নেন : পিআইডি

বাসস

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন বলেছেন, ঘরে-বাইরে উভয় স্থানে নিরাপত্তা নিশ্চিত না হলে নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য গৃহীত নীতিমালার সুফল পুরোপুরি পাওয়া যাবে না।

গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উদযাপন এবং ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে ভাষণদানকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক- নারী ও কন্যারা যেন আর অবহেলা, নির্যাতন ও বৈষম্যের শিকার না হন। তারা যেন সমান সুযোগ ও মর্যাদা পান।

বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করে রাষ্ট্রপতি জানান, তিনি এমন এক দেশের স্বপ্ন দেখেন যেখানে প্রতিটি নারী নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে, স্বাবলম্বী হবে এবং নেতৃত্ব দিবে, যেখানে প্রতিটি কন্যাশিশু স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নপূরণের অফুরন্ত সুযোগ পাবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা: জুবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রগতিতে শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কারে ভূষিত করা হয়। ব্যারিস্টার জাইমা রহমান তার দাদীর পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে উল্লেখযোগ্য উদাহরণ স্থাপন করেছিলেন। এ ধরনের অপরাধ মোকাবেলায় এখনো বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে।’

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা উল্লেখ করে মো: সাহাবুদ্দিন বলেন, নারী উন্নয়নের জন্য তিনি যে ভিত্তি স্থাপন করেছিলেন তা বেগম খালেদা জিয়ার মাধ্যমে আরো শক্তিশালী ও সময়োপযোগী রূপ নেয়। তিনি মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করেছিলেন।

রাষ্ট্রপতি বলেন, নারীশিক্ষার হার বাড়াতে বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য শিক্ষা উপবৃত্তিও চালু করেন। এই উদ্যোগ আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার স্নাতকোত্তর স্তর পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষার সুযোগ চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে।

অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোকে সহায়তা করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি নারীর বিরুদ্ধে সহিংসতা; কর্মক্ষেত্রে ও মজুরি বৈষম্য; দুর্বল আইনি সুরক্ষা; নিরাপত্তাহীনতা; বাল্যবিয়ে; নারীবিরোধী মনোভাব এবং সামাজিক কুসংস্কারসহ বেশ কয়েকটি স্থায়ী সামাজিক চ্যালেঞ্জও তুলে ধরেন। তিনি বলেন, সামাজিক হয়রানির পাশাপাশি অনলাইনে নারীর চরিত্রহনন ও সাইবার বুলিং অপরাধের নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইনের কঠোর প্রয়োগ এবং বৃহত্তর সামাজিক সচেতনতার মাধ্যমে এসব সমস্যা মোকাবেলার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

তৈরী পোশাক শিল্পে কর্মরত লাখ লাখ নারীর অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাদেরকে দেশের রফতানি আয়ের প্রধান চালিকাশক্তি হিসেবে বর্ণনা করেন।

নানা আয়োজনে দেশজুড়ে নারী দিবস পালিত

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’- এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গতকাল যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন ও সংস্থা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।

কর্মসূচির অংশ হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন এনজিও ও ব্যাংক ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করেছে। এরই অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দেশজুড়ে নারী অধিকার, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখা নারীদের স্বীকৃতি প্রদানসহ জেলা ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে।

নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন

ময়মনসিংহ অফিস জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপি সবসময় অঙ্গীকারবদ্ধ। নারী-পুরুষ সমান তালে এগিয়ে গেলেই কেবল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স কাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষাই নারীদের ভাগ্য বদলাতে পারে : নায়াব ইউসুফ এমপি

ফরিদপুর প্রতিনিধি জানান, শিক্ষাই নারীদের ভাগ্য বদলাতে পারে উল্লেখ করে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, আমাদের সমাজে মেয়েদের বঞ্চিত করা হয় তাদের অসচেতনতার কারণে। উপযুক্ত শিক্ষার অভাবে তারা নিজেদের অধিকার ও মর্যাদার বিষয়টি নিজেরাই বুঝতে পারে না। এ কারণেই তারা এখনো পিছিয়ে রয়েছে। আবার এই পিছিয়ে পড়া নারীদের মানুষ হিসেবেই গণ্য করতে চায় না আমাদের সমাজ। যদি নারীদের একটু শিক্ষার আলোয় আলোকিত করা যায়, তা হলে তাদের বিবেক জাগ্রত হবে।

নারী উন্নয়ন শক্তির আলোচনা : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারীর নিরাপত্তা, দক্ষতা, কর্মসংস্থান ও উন্নয়নে বাজেট বৃদ্ধি করতে হবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী উন্নয়ন শক্তির প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাটির আয়োজন করে নারী উন্নয়ন শক্তি (এনইউএস), ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (এফসিএইচডি), ইয়াং উইম্যান ফর ডেভেলপমেন্ট রাইট অ্যান্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি) এবং ডোমেস্টিক ওয়ার্কার এম্প্লয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিডব্লিউইএবি)।

নারী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবিতে সমাবেশ ও র‌্যালি : রাজধানী মিরপুরস্থ টেকনিক্যালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে নারী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত শীর্ষক নারী শ্রমিক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

সমাবেশে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার, গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি ও এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স-বাংলাদেশ কমিটির সদস্য সচিব মোসা: সুলতানা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের সাধারণ সম্পাদক মো: ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা আক্তার সুমি, সাংগঠনিক সম্পাদক মো: ফরিদ উদ্দীন, মিরপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম প্রমুখ।

রুয়েটে ইন্টারন্যাশনাল ওমেন্স’ডে ডিবেট প্রতিযোগিতা

রাজশাহী ব্যুরো জানায়, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ইন্টারন্যাশনাল ওমেন্স’ডে ডিবেট কম্পিটিশন’ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স প্রোগ্রাম।

বাংলাদেশ নারী মুক্তি সংসদের আলোচনা সভা : আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি সংসদের উদ্যোগে শহীদ রাসেল আহমেদ খান (তোপখানা রোড, ঢাকা) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জোবায়েদা পারভীন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলী শিকদার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিক, বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, সংগঠনের কেন্দ্রীয় নেতা শাহানা ফেরদৌসী বাকী, তাসলিমা খাতুন, বিপাসা চক্রবর্তী, মনিকা মণ্ডল, তাপস দাস প্রমুখ।