বগুড়ায় উলামা সমাবেশ

ইসলাম ও দেশ রক্ষায় আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Printed Edition

বগুড়া অফিস

সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ড. খলিলুর রহমান মাদানী বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে ইসলাম বিরোধী নানা ষড়যন্ত্রের প্রতিবাদ করতে গিয়ে অসংখ্য আলেম-ওলামা জেল-জুলুম, গুম, খুন ও মিথ্যা মামলার শিকার হলেও দ্বীন থেকে পিছপা হননি। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে দেশের আলেম সমাজকে আগামীতেও ঐক্যবদ্ধভাবে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শনিবার বগুড়া শহরের নবাববাড়ি রোডের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে জেলা উলামা মাশায়েখ পরিষদ আয়োজিত এক উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খলিলুর রহমান মাদানী বলেন, ভারতীয় উপমহাদেশে আলেমদের রক্তের ওপর দাঁড়িয়েই স্বাধীনতা অর্জিত হয়েছিল। শাপলা চত্বর থেকে শুরু করে স্বৈরাচারী হাসিনার পতন আন্দোলন পর্যন্ত আলেমরা অকাতরে জীবন দিয়েছেন। আলেমদের যে চারিত্রিক ও ঐক্যের শক্তি রয়েছে, তা ইসলাম বিরোধীদের নেই। সত্যের পথে অবিচল থেকে দেশের ও ইসলামের প্রয়োজনে আলেমদের এই ত্যাগ স্বীকারের ইতিহাস দীর্ঘ বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে ঢাকার বায়তুস সালাত জামে মসজিদের খতিব আল্লামা মুফতি আলী হাসান উসামা বলেন, মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে নয়। আইয়ুব খানের আমলে আলেমদের ওপর নির্যাতনের প্রেক্ষাপট ও ফাঁসির আদেশের সামনে মাওলানা মওদূদীর (রহ.) অবিচল থাকার উদাহরণ টেনে তিনি বলেন, আজ মুসলমানদের মাঝে সেই বলিষ্ঠ ঈমানের বড় প্রয়োজন। মতপার্থক্য ভুলে ইসলামের স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আলেম-ওলামারা দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হতে দেবে না।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, আল্লাহর দুনিয়ায় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আলেমদের ভূমিকাই মুখ্য। দ্বীন প্রতিষ্ঠার এই আন্দোলনে তিনি আলেম সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন। উলামা মাশায়েখ পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা মমতাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মো: আব্দুল বাছেতের সঞ্চালনায় সমাবেশে প্রায় এক হাজার আলেম অংশ নেন।