দু’মুঠো ভাতের খোঁজে কেয়া আয়শারা এখন ঢাকায়

Printed Edition

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

অভাব, পারিবারিক অশান্তি ও অনিশ্চিত ভবিষ্যতের কাছে হার মেনে বিদ্যালয় ছেড়েছে দুই শিশু। ফরিদপুরের নগরকান্দা উপজেলার বড় কাজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কেয়া ও তার ছোট বোন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আয়শা গত সপ্তাহে মায়ের সঙ্গে কাজের খোঁজে ঢাকায় পাড়ি জমিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান জানান, দুই বোনই প্রায় প্রতিদিন অনাহারে বিদ্যালয়ে আসত। পরিবারের তীব্র আর্থিক সংকটের পাশাপাশি তাদের বাবা স্ত্রী-সন্তানদের ওপর নির্যাতন চালাতেন। নিয়মিত আয়-রোজগার না থাকায় পরিবারটি দীর্ঘ দিন ধরে মানবেতর জীবনযাপন করছিল।

সম্প্রতি বিদ্যালয়ের বালিকা ফুটবল দল উপজেলা পর্যায়ের সেমিফাইনালে অংশ নেয়। দলটি হেরে গেলেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রধান শিক্ষক কক্সবাজার থেকে বিশেষ উপহার হিসেবে কানের দুল ও ব্রেসলেট এনে দেন। উপহার পাওয়ার কিছু পরই কেয়ার ১০ টাকা মূল্যের একটি দুল হারিয়ে যায় এবং সে কান্নায় ভেঙে পড়ে। দুলটির মূল্য সামান্য হলেও কেয়ার কাছে সেটি ছিল প্রিয় শিক্ষকের ভালোবাসার স্মারক।

এর কিছুদিন পরই বিদ্যালয়কে না জানিয়ে, কোনো ছাড়পত্র (টিসি) না নিয়েই দুই মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকায় চলে যান কেয়ার মা। প্রধান শিক্ষক মিজানুর রহমান আক্ষেপ করে বলেন, ‘দু’মুঠো ভাতের জন্য এত ছোট বয়সে ওরা স্কুল ছেড়ে চলে গেল। আমরা অসহায় হয়ে তা দেখলাম। কিন্তু আমরা ওদের আবার স্কুলে ফিরিয়ে আনতে চাই। তিনি মনে করেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানরা এগিয়ে এলে পরিবারটির সঙ্কট কাটানো সম্ভব।