ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে বিশেষ স্বীকৃতি পেল আকিজ রিসোর্সের ২ অঙ্গপ্রতিষ্ঠান

Printed Edition

টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ দু’টি বিশেষ স্বীকৃতি পেয়েছে আকিজ রিসোর্স। প্রতিষ্ঠানটির দুই অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেন্সিয়ালস লিমিটেড এবং আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেড পৃথক দু’টি বিভাগে এ স্বীকৃতি অর্জন করেছে।

গত শনিবার রাজধানীর একটি হোটেলে জাতিসঙ্ঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। পরিবেশ, সামাজিক দায়িত্ব ও সুশাসনের ক্ষেত্রে বাস্তব ও পরিমাপযোগ্য অগ্রগতিকে স্বীকৃতি দেয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ইএসজি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনে উৎকর্ষ বিভাগে বিশেষ স্বীকৃতি পুরস্কার পেয়েছে আকিজ এসেন্সিয়ালস লিমিটেড। প্রযুক্তিনির্ভর ও স্থানীয়ভাবে উপযোগী ইএসজি সমাধান এবং টেকসই ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি অর্জন করে।

অন্য দিকে, সরবরাহব্যবস্থায় সহযোগিতা ও অংশীদারত্বে উৎকর্ষ বিভাগে বিশেষ স্বীকৃতি পুরস্কার অর্জন করেছে আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেড। ক্ষুদ্র কৃষক, প্রান্তিক উৎপাদক ও সরবরাহকারীদের সাথে দায়িত্বশীল ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে অবদানের জন্য এ স্বীকৃতি দেয়া হয়।

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ টি এম হাবিব উল্লাহ, আকিজ এসেন্সিয়ালস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আক্তারুল আলম শাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ইএসজি ও সাসটেইনেবিলিটি লিড মো: রাহাজুল আমিন ও সিনিয়র অফিসার মো: ইবতেহাজ ইফরিত। বিজ্ঞপ্তি।