ক্রীড়া প্রতিবেদক
বিপিএল শেষ হতে আর মাত্র সাত ম্যাচ বাকি। ২৭টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা পায়নি ২০২৫-২০২৬ এর বিপিএল। ব্যাটারদের মতে উইকেট ভালো না হওয়ায় এবারের বিপিএলে ২০০ রান করতে পারেনি কোনো দল। একমাত্র সেঞ্চুরি পেয়েছিলেন নাজমুল হাসান শান্ত। সেই ম্যাচেও দলীয় স্কোর হয়নি ২০০। সিলেট টাইটান্সের ব্যাটার পারভেজ হোসেন ইমনও জানালেন, উইকেট ভালো না হওয়ার এই রান পর্যন্ত কেউ যেতে পারেনি।
শুরুতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২ ম্যাচ হওয়ার কথা ছিল। বাকি ১২টি ম্যাচ হওয়ার কথা ছিল চট্টগ্রাম পর্বে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুই দিন খেলা বন্ধ থাকায় চট্টগ্রাম পর্ব আর হয়নি। সেসব ম্যাচও হয়েছে সিলেট ভেনুতে। টানা ২৪ ম্যাচ হওয়ায় স্বাভাবিকভাবেই বাড়তি চাপ পড়েছে উইকেটে। উইকেট থেকে সহায়তা না পাওয়ায় ভুগতে হয়েছে ব্যাটারদের। বেশির ভাগ ম্যাচেই দাপট দেখিয়েছেন বোলাররা। সে হিসেবে ব্যাটারদের তুলনায় রাজত্ব করেছে বোলাররা।
চলতি বিপিএলে ৭ জানুয়ারি এখন পর্যন্ত সর্বোচ্চ সিলেটের বিপক্ষে ১৯৮ রান করে চট্টগ্রাম রয়্যালস। জবাবে মেহেদী হাসান মিরাজের দল থামে ১৮৪ রানে। এর আগে উদ্বোধনী ম্যাচে সিলেটের করা ১৯০ রান টপকে জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে ২০০ রান না হলেও দলগুলোর ব্যাটিং সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই।
গত পরশু দ্বিতীয় ম্যাচে টানটান উত্তেজনার পর রাজশাহীর কাছে ৫ রানে হেরেছে সিলেট। এরপর সংবাদ সম্মেলনে ইমন বলেছেন, ‘সিলেটে অনেক ম্যাচ হয়েছে। এক উইকেটে টানা খেলা হলে উইকেটের আচরণ একেকরকম হয়েছে। প্রথম ম্যাচে একরকম হলে দ্বিতীয় ম্যাচে আরেকরকম হয়েছে। এমনও হয়েছে, প্রথম ইনিংসে একরকম, দ্বিতীয় ইনিংসে অন্যরকম। এ কারণেই হয়তো রান তোলাটা একটু কঠিন ছিল। সবারই ২০০ করার সামর্থ্য আছে। এবার হয়নি, তবে আগে হয়েছে। তিন ভেন্যুতে খেলা হলে উইকেট ভালোভাবে তৈরি করা যায়। সিলেটে এত ম্যাচ খেলেছি, উইকেট শেষ দিকে সহায়তা করছিল না। উইকেটের আচরণের সাথে ব্যাটাররা মিলাতে পারছিল না।’



