‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

Printed Edition
রাজধানীতে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে বাড্ডা এলাকায় পুলিশ বাধা দেয় : নয়া দিগন্ত
রাজধানীতে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে বাড্ডা এলাকায় পুলিশ বাধা দেয় : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

পুলিশের বাধার মুখে জুলাই ঐক্যের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি রাস্তায় অবস্থানের মধ্য দিয়ে পালন করেছে শত শত মানুষ। ভারতে আশ্রিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব খুনিকে বাংলাদেশে ফিরিয়ে দেয়া এবং ‘ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, সংবাদমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি দেয় জুলাই ঐক্য।

গতকাল বুধবার বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে শুরু হয় এ কর্মসূচি। এর আগে দুপুর থেকে সাবেক সেনা কর্মকর্তা, ডাকসু, জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বস্তরের শত শত মানুষ কর্মসূচিতে যোগ দিতে জড়ো হতে থাকে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভে যোগ দেন।

পরে তারা মিছিল নিয়ে ইন্ডিয়ান হাইকমিশনের দিকে যাত্রা শুরু করে। মিছিলটি উত্তর বাড্ডায় পৌঁছলেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এ সময় জুলাই ঐক্যের নেতাকর্মী ও শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করে বিক্ষোভ চালিয়ে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে ভারতের প্রক্সিরা নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বাংলাদেশে গণহত্যা চালানো সব খুনিদের আশ্রয় দিয়েছে ভারত। সবশেষ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা জুলাইয়ের অস্তিত্ব শরিফ ওসমান হাদিকে গুলি করার পর আনন্দ-উল্লাস করে ভারতীয়রা। বাংলাদেশ ২.০-তে কোনো আধিপত্যবাদকে আমরা মেনে নেবো না। এ বি জুবায়ের বলেন, ভারত এবং তার প্রক্সিরা চায় না বাংলাদেশে গণতন্ত্র রক্ষা হোক, দেশে নির্বাচন হোক। যার কারণে একের পর এক বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে। চব্বিশের ছাত্র-জনতাকে দেশ রক্ষার আন্দোলনে আবারো ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আহ্বান জানাচ্ছি, দলমত নির্বিশেষে সব পেশার ছাত্র-জনতাকে রাজপথে নেমে আসার।

জুলাই ঐক্যের এই কর্মসূচি থেকে ভারত সরকার এবং অন্তর্বর্তী সরকারকেও আলটিমেটাম দেয়া হবে জানিয়ে পদযাত্রার আয়োজকরা বলছেন, খুনিদের ফেরত না দিলে, পরবর্তী পরিস্থিতির জন্য দিল্লি এবং এই সরকারের নির্দিষ্ট দফতরকে দায় নিতে হবে।