শাবিপ্রবিতে পাঁচ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড

Printed Edition

শাবিপ্রবি প্রতিনিধি

গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চার শিক্ষককে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ এবং এক শিক্ষককে ‘রিসার্চার অব দ্য ইয়ার-২০২৬’ দেয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।

ধারাবাহিক গবেষণা উৎকর্ষতার ভিত্তিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহিদুর রহমান অর্জন করেছেন ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চার অব দ্য ইয়ার-২০২৬’।

অন্যদিকে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পাওয়া চার শিক্ষক হলেন-সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়েশা ফেরদৌস মিতা, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের জাহিদ হাসান শৌরভ ও ড. মো: জহুরুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মিসেস নাসিমা বেগম। বিশ্বমানের জার্নালে মানসম্পন্ন গবেষণা প্রকাশের ভিত্তিতে তাদের এই পুরস্কার দেয়া হয়।

স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: মোজাম্মেল হক ও শাবিপ্রবির প্রোভিসি অধ্যাপক ড. রবিউল ইসলাম।

বক্তারা বলেন, গবেষণা কেবল কাগজে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি গবেষণা উদ্ভাবনের পেটেন্ট নিশ্চিত করার প্রতি তাগিদ দেন তারা।